এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু দুই জুলাই

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী দুই জুলাই থেকে ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষা একযোগে শুরু হবে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রকাশ করা রুটিন অনুযায়ী, পরীক্ষার প্রথম দিন সকালে আবশ্যিক বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রকাশিত সূচিতে দেখা গেছে, জুলাই মাসজুড়ে প্রধান আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়গুলোর পরীক্ষা চলবে। 

গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর তারিখ নিচে দেওয়া হলো:

চার জুলাই: বাংলা দ্বিতীয় পত্র।

ছয় ও আট জুলাই: ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র।

১১ জুলাই: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।

১৩ থেকে ১৮ জুলাই: পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান, যুক্তিবিদ্যা ও ভূগোলের উভয় পত্র।

১৯ ও ২২ জুলাই: রসায়ন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ইতিহাস (প্রথম ও দ্বিতীয় পত্র)।

মাসের শেষভাগে: অর্থনীতি, পৌরনীতি, জীববিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা।

>> পুরো রুটি দেখতে এখানে ক্লিক করুন <<

আগস্ট মাসের শুরুতেও বেশ কিছু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে দুই আগস্ট উচ্চতর গণিত ও ইসলাম শিক্ষা প্রথম পত্র এবং চার আগস্ট এগুলোর দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে। আট আগস্ট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা এবং সমাজবিজ্ঞান ও সমাজকর্ম পরীক্ষার মাধ্যমে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে নম্বর অনলাইনে এন্ট্রি করার নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা বোর্ড থেকে পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। সেগুলো হলো- পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে অবশ্যই কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে, প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল (সিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

১০০ নম্বরের পরীক্ষার জন্য সময় তিন ঘণ্টা। তবে ২৫-৫০ নম্বরের (ব্যবহারিকসহ) পরীক্ষার ক্ষেত্রে সময় কিছুটা কম হবে।

তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক—প্রতিটি অংশে আলাদাভাবে পাস করা বাধ্যতামূলক।

সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা গেলেও প্রোগ্রামিং ক্যালকুলেটর বা মোবাইল ফোন কেন্দ্রে আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

বোর্ড জানিয়েছে, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।