চলতি ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী সাত জুন থেকে শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তশিক্ষা সমন্বয় বোর্ড। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এই তারিখ ধরে চূড়ান্ত সময়সূচি (রুটিন) তৈরি করা হবে।
সোমবার (৩০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ একাত্তরকে এই তথ্য জানিয়েছেন।
খালিদ মাহমুদ জানান, শিক্ষামন্ত্রীর সঙ্গে সবশেষ বৈঠকের দিকনির্দেশনা ও সার্বিক দিক বিবেচনা করে সাত জুন পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। শিক্ষামন্ত্রী এতে অনুমোদন দিলে দ্রুতই চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হবে।
এবারের পরীক্ষার বড়ো বৈশিষ্ট্য হলো—দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা থাকলেও এবার মোট ১১টি শিক্ষা বোর্ডেই একযোগে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়মিত পরীক্ষার্থীদের জন্য সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। তবে যারা অনিয়মিত পরীক্ষার্থী এবং সংক্ষিপ্ত সিলেবাসে (শর্ট সিলেবাস) পড়াশোনা করে এসেছে, তাদের জন্য আলাদা অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।
শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, পরীক্ষার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। মন্ত্রণালয়ের চূড়ান্ত সবুজ সংকেত পেলেই বিস্তারিত রুটিন পরীক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।