ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে রূপালী পর্দায় ঝড় তোলার পর টলিউডের সুপারস্টার দেবের হাত ধরে রীতিমতো উড়ছেন আবেদনময়ী অভিনেত্রী ইধিকা পাল! দেব-ইধিকা জুটির ‘খাদান’ বক্স অফিসে ব্যবসায়িক সাফল্যের নতুন ইতিহাস গড়ার পর নির্মাতারা এই জুটিকে ভাগ্যলক্ষ্মী বলে মেনে নিয়েছেন। সেই ধারাবাহিকতায় ‘রঘু ডাকাত’ ও ‘প্রজাপতি-২’ সিনেমাতেও দেবের বিপরীতে ডাক পান ইধিকা। এমনকি বহুল চর্চিত ‘দেসু সেভেন’ সিনেমায় দেব-শুভশ্রী জুটির পাশাপাশি বাড়তি আকর্ষণের চমক হিসেবেও রাখা হয়েছে ইধিকাকে। টলিউডের ব্যবসায়িক গতিপথ বদলে দেওয়া এই অভিনেত্রী এবার সহশিল্পী বদলে নামছেন এক নতুন রোমাঞ্চকর মিশনে!
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারসহ একাধিক পত্রিকার সূত্র থেকে পাওয়া খবরে টলিপাড়ায় তুমুল শোরগোল পড়েছে, দেবের অধ্যায় পার করে এবার নাকি টলিউডের আরেক প্রথম সারির বস অর্থাৎ ‘জিৎ’-এর বিপরীতে নায়িকা হয়ে পর্দায় আসছেন ইধিকা! ঢালিউড ও টলিউডের শীর্ষ দুই নায়কের সাথে কাজ করার পর এবার জিতের সাথে তাঁর রসায়ন দেখার জন্য উন্মুখ হয়ে আছেন সিনেমাপ্রেমীরা।
অভিনেত্রীর ঘনিষ্ঠ সুত্রে জানা গেছে, জনপ্রিয় পরিচালক পথিকৃৎ বসুর নতুন অ্যাকশন-ড্রামা সিনেমায় জিতের বিপরীতে দেখা যেতে পারে ইধিকাকে। ছবিটির প্রযোজনায় থাকছে নামজাদা প্রযোজনা সংস্থা ‘এসকে মুভিজ’। যদিও এই বিষয়ে এখনো প্রযোজক কিংবা জিৎ-ইধিকার পক্ষ থেকে কোনো অফিশিয়াল সিলমোহর মেলেনি, তবুও বিনোদন জগতের দীর্ঘদিনের অভিজ্ঞতা বলে, টলিপাড়ায় যে গুঞ্জন রটে, তার পেছনে সত্যতার বড় ভিত্তি থাকে! এখন শুধু সময়ের অপেক্ষা, কবে শাকিব ও দেবের পর টলিউড ‘কিং’ জিতের সাথে ক্যামেরার সামনে দাঁড়িয়ে নতুন রুপালী ইতিহাস গড়েন এই সুন্দরী।