‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ এ দেওয়ান লালনের গান

সরকারি অনুদানের সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’  এ গান লিখেছেন ২০২০ সালের চ্যানেল আই সেরা গীতিকার পুরস্কার লাভ করা দেওয়ান লালন আহমেদ বাপ্পি। মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে সিনেমাটির পরিচালনা করেছেন রায়হান জুয়েল। 

দেওয়ান লালন পেশায় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি পুলিশ সুপার হিসেবে টুরিস্ট পুলিশ খুলনা অঞ্চলে কর্মরত।

দেওয়ান লালনের লেখা, ‘দ্যাখো সারেং ছাড়া জাহাজ চলে কার ইশারায় কিসের বলে, মন্দ হাওয়ার খবর দিছে আগাম তৈরি হও ধরতে তাহার লাগাম’ গানে ইমন চৌধুরীর সুরে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল।

ইতিমধ্যে সুন্দরবন, ঢাকাসহ বিভিন্ন জায়গায় সিনেমাটির দৃশ্যায়ন শেষ হয়েছে। প্রধান দুই চরিত্রে আছেন সিয়াম আহমেদ ও পরীমনি।

দেওয়ান লালন জানান, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার কাহিনীর সঙ্গে সামঞ্জস্য রেখে গানটি লেখা হয়েছে। লোককথার মাধ্যমে সহজভাবে গভীরতম ভাব ও দর্শন তুলে ধরা হয়েছে এতে। গানটি দর্শক, শ্রোতাদের ভালো লাগবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পরিচালক রায়হান জুয়েল বলেন, দেওয়ান লালন আহমেদের অসাধারণ কথার গানটি শফি মণ্ডলের দরাজ কণ্ঠে দারুণভাবে ফুটে উঠেছে। সংগীত পরিচালক ইমন চৌধুরী সুর নিজের মুনশিয়ানা তুলে ধরেছেন।

উল্লেখ্য, এর আগে পুলিশের প্রথম সশস্ত্র প্রতিরোধ নিয়ে তার গান ‘২৫শে মার্চ’, মুক্তিযুদ্ধে বীরাঙ্গনাদের আত্মত্যাগ নিয়ে ‘বীরাঙ্গনা’ শ্রোতানন্দিত হয়েছে। এ ছাড়া বঙ্গবন্ধুকে নিয়ে চারটি গান, করোনাতে পুলিশের ভূমিকাসহ অন্যান্য থিমে আরও কিছু গান লিখেছেন তিনি।

ফিডব্যাক-খ্যাত লুমিনের কণ্ঠে অটমনাল মুনের সুরে ‘পাসওয়ার্ড’ গানটির জন্য ২০২০ সালের চ্যানেল আই সেরা গীতিকার পুরস্কার লাভ করেন দেওয়ান লালন।  ইতিমধ্যে সাতটি বই প্রকাশিত হয়েছে এই পুলিশ কর্মকর্তার।


একাত্তর/এসি