মুক্তির দিনই বক্স অফিসের সকল রেকর্ড ভাঙলো কেজিএফ

একের পর এক বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিচ্ছে 'কেজিএফ: চ্যাপ্টার টু'। চলচ্চিত্রটি তৈরি করছে নতুন ইতিহাস। ইতিমধ্যেই অগ্রিম টিকিট বুকিংয়ের মধ্য দিয়ে এসএস রাজামৌলির 'বাহুবলী: দ্য কনক্লুশন' সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে সিনেমাটি।

এমনকি হলিউড ব্লকবাস্টার 'অ্যাভেঞ্জার্স: এন্ডগেম'কেও পেছনে ফেলে দিয়েছে কেজিএফের এই সিক্যুয়েল।

প্রশান্ত নীলের মহাকাব্যিক সিনেমাটি অনলাইনে অগ্রিম টিকিট বুকিং খোলার পর থেকেই নতুন রেকর্ডের মালিক হতে শুরু করেছে। অগ্রিম ২.৯ মিলিয়ন টিকিট বিক্রি করে এখন শীর্ষস্থান দখল করেছে কন্নড় অভিনেতা যশের এ সিনেমা।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভারতের ১০ হাজারেরও বেশি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। হয়েছে পঞ্চাশ হাজারেরও বেশি শো।

মুক্তির প্রথম দিনে আয়ের দিক থেকে হিন্দি সংস্করণে 'বাহুবলী: দ্য কনক্লুশন' এর চেয়ে এগিয়ে গেছে 'কেজিএফ টু'। বিশ্বস্ত বক্স অফিস সূত্র অনুযায়ী এমনটাই জানা গেছে। ছবিটি গতকাল প্রায় ৫৪ কোটি রুপি আয় করেছে। যেখানে 'বাহুবলী: দ্য কনক্লুশন' এর হিন্দি সংস্করণ আয় করেছিল ৪১ কোটি রুপি। তবে হৃতিক রোশানের 'ওয়ার' প্রথম দিনে ব্যবসা করেছিল ৫৩.৩৫ কোটি টাকা। সেটিকেও ছাড়িয়ে গেছে এই সিনেমা।

এদিকে জানা গেছে, প্রথম দক্ষিণ ভারতীয় সিনেমা হিসেবে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে এক মিলিয়নেরও বেশি অর্থ সংগ্রহ করেছে 'কেজিএফ চ্যাপ্টার টু'।


একাত্তর/এসএ