অনেকদিন ধরেই নতুন গান প্রকাশ করেননি জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। তবে এবার ভক্তদের অপেক্ষার পালা শেষ করে অবশেষে নতুন গান উপহার দিলেন অর্ণব।
শনিবার (৩০ জুলাই) প্রকাশিত হয়েছে গানটি। এর শিরোনাম ‘বন্ধুরা সব কই’। একটি টেলি কমিউনিকেশন প্রতিষ্ঠানের উদ্যোগে ‘ফ্রেন্ডশিপ ডে’ উপলক্ষে গানটি তৈরি করা হয়েছে।
‘বন্ধুরা সব কই? আয় তবে এক হই, থাকলে তোরা আমার পাশে আমি একা নই/’ এমন কথার গানটি লিখেছেন সাজিদুল করিম দীপু। সুর ও সংগীতায়োজন করেছেন অর্ণব নিজেই। তার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন রুবাইয়াত রেহমান ও নাফিসা তাসনুভা।
গানটির ভিডিও নির্মাণ করেছেন আবরার আতাহার। আবরার এর আগে অর্ণবকে নিয়ে মিউজিক্যাল ফিল্ম ‘আধখানা ভালো ছেলে আধা মস্তান’ নির্মাণ করেছিলেন। এই মিউজিক ভিডিওতে তুলে ধরা হয়েছে বন্ধুত্বের কিছু সুন্দর মুহূর্ত। বান্দরবানের অপূর্ব লোকেশনে ভিডিওটি চিত্রায়িত হয়েছে।
এদিকে অর্ণব বর্তমানে ব্যস্ত সময় পার করছেন কোক স্টুডিও বাংলা নিয়ে। প্রথমবারের মতো কোক স্টুডিও বাংলাদেশে যাত্রা করেছে। এর মিউজিকের মূল দায়িত্বে আছেন অর্ণবই। এরইমধ্যে ‘কোক স্টুডিও বাংলা’র প্রথম সিজন শেষ হয়েছে।
শুরু হয়েছে দ্বিতীয় সিজনের জন্য নতুন গান সংগ্রহ। এবার যে কেউ এই আয়োজনে অংশ নিতে পারবেন। তবে নিজের গান, গায়কী অথবা বাজনা দিয়ে জয় করতে হবে বিচারকদের মন।
একাত্তর/এসএ