ফুটবল বিশ্বের মহাতারকা পেলের মৃত্যুতে শোক জানিয়ে বিপাকে পড়ছেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার। শোক প্রকাশ করে কটাক্ষের মুখে পড়েন তিনি।
মধুমিতা ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায়ও কাজ করেছেন। এ কারণে দর্শকমহলে তার পরিচিতিও কম নয়। কিন্তু পেলের মৃত্যুতে শোক প্রকাশ করে যা করেছেন তিনি, সেটি নেটিজেনদের কাছে অপ্রত্যাশিত।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক খবরে বলা হয়েছে, টালি তারকা সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে কিংবদন্তির আত্মার শান্তি কামনা করেন। ক্যাপশন ঠিক থাকলেও সমস্যা হয় ছবি দুটিতে।
অভিনেত্রীর পোস্ট করা ছবির একটিতে দেখা যায় কাপ হাতে দাঁড়িয়ে আছেন পেলে। অন্য ছবিতে যাকে দেখা যায় তিনি পেলে ছিলেন না। দ্বিতীয় ছবিতে ছিলেন ব্রাজিলীয় স্ট্রাইকার ভিনিয়াস জুনিয়র! আর এতেই সমালোচনার মুখে পড়েন মধুমিতা।
তার এই পোস্ট ঘিরে নেটিজেনরা নানা মন্তব্য করতে থাকেন। কেউ বলেন, আলোচনায় থাকার জন্যই এই কাজ করেছেন মধুমিতা। কেউ আবার সরাসরি ‘নির্বোধ’ বলে কটাক্ষও করেন। কেউ মন্তব্য করেন, মধুমিতা ভিনিয়াসকেও মৃত ঘোষণা করলেন! না জেনে সব ইস্যুতে আলোচনায় থাকতে চাইলে এমনই হয়।
টালি অভিনেত্রী কিছুক্ষণ পরই এই ভুল বুঝতে পারেন। ঘণ্টা দুয়েক পর ছবি দুটি সরিয়ে ফেলেন। অন্য একটি ছবি পোস্ট করে আবারও পেলের প্রতি শোক প্রকাশ করেন। তবে এই সময়ের মধ্যেই আগের পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত, ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন পেলে। কেমোথেরাপি কাজ না করায় গত নভেম্বরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার শারিরীক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
পেলের মেয়ে কেলি নাসিমেন্তো ইনস্টাগ্রামে পোস্ট করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: শুধু বাংলা ভাষাভাষী না, বিদেশিরাও বাংলা সিনেমা দেখতে চান: হাছান মাহমুদ
পেলে বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জিতেছেন। সেলেসাওদের হয়ে ১৯৫৭ থেকে ৭১ পর্যন্ত ৯২ ম্যাচ খেলে ৭৭টি গোল করেছেন তিনি। তিনি এখনও ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা।
এ ছাড়া পেলের নামের পাশে জ্বলজ্বল করছে ফুটবল বিশ্বের রেকর্ড এক হাজার ২৮১টি গোল, যা আজও ভাঙতে পারেনি কেউ।
একাত্তর/আরএ