কান চলচ্চিত্র উৎসবের পর বিশ্বের সবচেয়ে সমৃদ্ধশালী চলচ্চিত্র উৎসবে পরিণত হয়েছে টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রতিবছর এ উৎসবে জড়ো হন প্রায় ৪ লাখ ৮০ হাজার চলচ্চিত্রপ্রেমী।
১৯৭৬ সাল থেকে শুরু হওয়া টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি ‘টিফ’ নামেও পরিচিত। এ বছর উৎসবে প্রায় ৭০ দেশের বিভিন্ন ভাষার সিনেমা অংশ নিয়েছে। এবার এ আয়োজনের পর্দা উঠেছে জাপানি পরিচালক হাওয়াও মিয়াজাকির সিনেমা 'দ্য বয় অ্যান্ড দ্য হিরণ' দিয়ে।
৮ সেপ্টেম্বর এ উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হলো কানাডিয়ান-পাকিস্তান ফিল্ম ‘দ্য কুইন অফ মাই ড্রিমস’। টরেন্টোতে বসবাসকারী এক পাকিস্তানি নারী আজরাকে কেন্দ্র করে এই সিনেমার গল্প এগিয়েছে।
৬ অক্টোবর মুক্তি পেতে চলেছে একতা আর কাপুর ও রিয়া কাপুরের প্রযোজিত ছবি ‘থ্য়াঙ্ক ইউ ফর কামিং’। তার আগে টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে হতে চলেছে এই ছবির প্রিমিয়ায় ১৫ সেপ্টেম্বর।
এই উৎসবে অংশ নিতে আসছেন র্যাম্বো খ্যাত হলিউডের তারকা অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন। টিফ ২০২৩ এর ‘ইন কনভারসেশন উইথ’ অনুষ্ঠানে যোগ দেবেন এই চলচ্চিত্র তারকা। তিনি এ অনুষ্ঠানে তার বিস্তৃত কর্মজীবন, অ্যাকশন চলচ্চিত্রে তার অপরিসীম অবদানসহ বিভিন্ন বিষয়ে কথা বলবেন। আর এই উৎসবের পর্দা নামবে নেটফ্লিক্সের তৈরি সিলভেস্টার স্ট্যালোনের ওপর নির্মিত তথ্যচিত্র দিয়ে।
এবার কানাডায় ৪৮তম টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে ৭ সেপ্টেম্বর থেকে, চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।