৯০ দশকের সারা জাগানো টেলিভিশন সিরিজ ফ্রেন্ডসের অভিনেতা ম্যাথু পেরি মারা গেছেন। শনিবার রাতে লস অ্যাঞ্জেলসের বাড়ি থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
মাত্র ৫৪ বছর বয়সে চলে যাওয়া এই অভিনেতার জন্য শোকে মাতম করছে পুরো বিনোদন জগৎ।
আমেরিকান গণমাধ্যম লস অ্যাঞ্জেলস টাইমস জানায়, জাকুজির পানিতে ডুবে ম্যাথু পেরির মৃত্যু হয়েছে। সম্ভবত হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। পুলিশ জানায়, ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
লস অ্যাঞ্জেলস পুলিশ জানায়, ম্যাথুর মৃত্যুর পিছনে মাদক জাতীয় কোনও বস্তু নেই। রাতে তাদের কাছে ফোন আসে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু সম্পর্কে। সেই সময় তারা জানতেন না সে ব্যক্তি ম্যাথু। পরে তারা ঘটনাস্থলে গিয়ে পরিচয় নিশ্চিত করে।
১৯৬৯ সালের ১৯ আগস্ট ম্যাসাচুসেটে জন্মগ্রহণ করেন ম্যাথু পেরি। ১৯৮৭ সালে ‘বয়েজ উইল বি বয়েজ’-এ দিয়ে অভিনয় জগতে পা রাখেন ম্যাথু। তবে তিনি সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছেন টেলিভিশন সিরিজ ‘ফ্রেন্ডস’-র মাধ্যমে। তিনি ম্যাথু পেরি নামের চাইতে ফ্রেন্ডস-র চ্যান্ডলার বিং হিসেবেই বেশি জনপ্রিয়। ১৯৯৪ সালে এই টেলিভিশন সিরিজ শুরু হয়। সিরিজটি এতটাই জনপ্রিয়তা পায় ওই সিরিজ যে টানা ১০ বছর ধরে তা চলে। ১০ সিজন পর, ২০০৪ সালে শেষ হয় ‘ফ্রেন্ডস’। ‘ফ্রেন্ডস’-র কাহিনী গড়ে উঠেছিলো পাঁচ বন্ধুকে নিয়ে। সেই পাঁচ বন্ধুর একজন ছিলেন চ্যান্ডলার বিং। ‘ফ্রেন্ডস সিরিজটি এখনও সমান জনপ্রিয় তরুণদের কাছে।
তবে ব্যক্তিগত জীবনে অনেক উত্থান পতন দেখতে হয়েছিল ম্যাথু পেরিকে। ১৯৯৭ সাল থেকে মাদকের নেশায় আসক্ত হয়ে পড়েন তিনি। এরপর কিছুদিন সুস্থ হয়ে উঠলেও, ২০০১ সালে ফের একই নেশায় ডুবে যান তিনি। ২০১৩ সালে একটি সাক্ষাৎকারে ম্যাথু জানান, কীভাবে পর্দার ‘ফ্রেন্ডস’রা বাস্তব জীবনেও তাকে নেশা থেকে মুক্ত হতে সাহায্য করেছিল।