নতুন মোড়কে 'সারেগামাপা'; থাকছে দারুণ চমক!

‘সারেগামাপা’ এমন একটি মিউজিক্যাল শো, যা দুই বাংলার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। উদীয়মান সংগীতশিল্পীদের নিজেকে যাচাই ও মূল্যায়ন করার অন্যতম প্ল্যাটফর্ম এটি । বলা যায় নতুন এই শিল্পীদের জায়গা করে দেওয়ার আরেক নাম 'সারেগামাপা'। এই মঞ্চ থেকেই উঠে এসেছে একাধিক তারকা।

দ্য ওয়াল জানিয়েছে, ‘সারেগামাপা’ গানের শো-এর এবার ফরম্যাট বদলাচ্ছে। বদলে যাচ্ছেন সঞ্চালকও! যীশু বা আবির চট্টোপাধ্যায় নয়, এই শো এবার সঞ্চালনা করবেন অনির্বাণ ভট্টাচার্য। যে শো দেখে সকলে অভ্যস্ত, তা থেকে এই নতুন শো সাজতে যাচ্ছে নতুন রূপে।

অনির্বাণ

তবে এবার মূল প্রতিযোগিতার অনুষ্ঠানের আগে আসছে 'সারেগামাপা লেজেন্ডস'। এটা কোনও প্রতিযোগিতা নয়, এটিকে একটি মিউজিক্যাল ইভেন্ট বলা চলে। বাংলার কিংবদন্তি শিল্পীদের গান গাইবেন তাবড় শিল্পীরা। যে গান কালের স্রোতে হারিয়ে গেছে, সেইসব গানই তারা আবার ফিরিয়ে আনার চেষ্টা করবেন।

কিংবদন্তি সঙ্গীতশিল্পী ও পরিচালকদের শ্রদ্ধাঞ্জলি দিতেই এই অনুষ্ঠানের আয়োজন। বাংলা এবং মুম্বইয়ের বেশ কিছু শিল্পীরা গান গাইবেন এই মঞ্চে। হৈমন্তী শুক্লা থেকে শুরু করে মনোময় ভট্টচার্য, রাঘব চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী, রূপঙ্কর বাগচীর মতো শিল্পীরা যুক্ত হচ্ছেন এই শো-এর সঙ্গে। মুম্বাই থেকে জাভেদ আলি, অভিজিতের মতো গায়করাও মঞ্চ আলো করবেন।

রাজারহাটের স্টুডিওতে শুরু হয়ে গেছে এই শো-এর শ্যুটিং । 'সারেগামাপা'-র বেশ কিছু চ্যাম্পিয়ন ও প্রতিযোগীরাও থাকছেন। তারাও এই মঞ্চে গান শোনাবেন বলে খবর। সব মিলিয়ে এক জমজমাট অনুষ্ঠান উপভোগ করতে চলেছেন বাংলার মানুষ।