ঝড়-তুফান শেষে ‘দরদ’ নিয়ে আসছেন শাকিব

ঝড়-তুফান শেষে আগামী সেপ্টেম্বরে দরদ নিয়ে আসছেন শাকিব খান। এবার জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের সঙ্গে। তুফানের রেশ কাটতে না কাটতেই দর্শক পেতে চলেছে শাকিবের ‘দরদ’। মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। পরিচালনার পাশাপাশি দরদের চিত্রনাট্য লিখেছেন অনন্য মামুন।

২০২৩ সালে নভেম্বরে শুটিংয়ের সময় জানানো হয়েছিল বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাবে সিনেমাটি। শেষ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয় মুক্তির তারিখ। অবশেষে মঙ্গলবার অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজ থেকে দরদ মুক্তির ঘোষণা দেওয়া হয়। সেপ্টেম্বরে মুক্তির কথা জানালেও তারিখ উল্লেখ করা হয়নি। ১৫ জুলাই থেকে শুরু হবে দরদের আনুষ্ঠানিক প্রচার।

দরদ-শাকিব..

এরই মাঝে প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার। দেড় মিনিটের ভিডিওতে নানারূপে ধরা দিয়েছেন শাকিব খান। কখনো একেবারে সাধারণ মানুষ, আবার কখনো ভয়ংকর এক রহস্যপুরুষ। টিজার শুরু হয়েছে শাকিব-সোনাল খানের রোমান্স দিয়ে। এরপর বদলে যায় দৃশ্যপট। ভয়ংকর হয়ে ধরা দেন শাকিব। প্রতিটি অ্যাকশন দৃশ্যের সঙ্গে শাকিবের রক্ত নিয়ে খেলা দর্শকদের বুকে কাঁপন ধরিয়েছে। ‘আমি তাহলে জিতেই গেলাম’ শাকিবের এই সংলাপ দিয়ে শেষ হয়েছে টিজার। ফার্স্টলুক পোস্টারেও ভয়ংকররূপে পাওয়া গেছে শাকিব খানকে। পোস্টার ও রহস্যভরা টিজারের পর দরদ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে।

এতে অভিনয় করেছেন বাংলাদেশ ও ভারতের পরিচিত অভিনয়শিল্পীরা। আছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া, জেসিয়া ইসলাম প্রমুখ। ‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। বাংলা, হিন্দি, তামিল, তেলুগু ও মালয়ালম—মোট পাঁচ ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। হিন্দি ভাষায় সিনেমার নাম দেওয়া হয়েছে ‘দার্দ’।

দরদ-শাকিব