বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের জন্মদিন আগামী ২ নভেম্বর। প্রতিবছর প্রিয় নায়ককে একনজর দেখতে বান্দ্রার সমুদ্রতীরের সাদা বাংলো মান্নাতের সামনে ভক্তদের ভিড় সবার নজর কাড়ে।
কিন্তু এ বছর মান্নাতে পুনর্নির্মাণ ও সংরক্ষণের কাজ চলছে তাই ভাড়ার ফ্ল্যাটে থাকছেন তিনি। তবে, কি এবার জন্মদিনে ভক্তদের সাথে দেখা করার প্রথা ভাঙবেন বলিউড বাদশা?
প্রতি বছর ২ নভেম্বর ভোরে বান্দ্রার ‘মান্নত’ এর সামনে হাজারও ভক্ত একত্রিত হন, সাদা বাংলোর বারান্দায় তাকিয়ে থাকেন অভিনেতাকে এক ঝলকে দেখার জন্য। তবে এই বছর ছবিতে একটু ভিন্নতা দেখা দিয়েছে।
‘মান্নত’-এ বড় পরিসরে রিমডেলিং ও সংরক্ষণের কাজ চলছে তাই ভক্তদের মনে প্রশ্ন উঠেছে এ বছর বারান্দায় কি দেখা যাবে বাদশাকে?
তবে আশার বাণী, সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ জানান, এবার ও জন্মদিনে তিনি আসবেন আপন রূপে। শাহরুখ সব সময়ই জানিয়েছেন, তার জন্মদিন আর তার একার নেই। এটা অন্যদের জন্য উৎসব।
তাকে ঘিরে এই উদ্দীপনা বেশ উপভোগ করেন নায়ক। এদিকে জানা গেছে, জন্মদিনেই আসবে শাহরুখ অভিনীত নতুন সিনেমা ‘দ্য কিং’এর প্রথম টিজারও।