সোনাক্ষীর পোস্টে কেন হাসির ইমোজি দিলেন জহির

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও তার স্বামী জাহির ইকবাল এই মুহূর্তে বলিউডের সবচেয়ে চর্চিত এবং প্রিয় জুটি। মধুচন্দ্রিমা হোক বা মজার আড্ডা- এই দম্পতি যেন সব সময়ই নেট দুনিয়াতে উষ্ণতা ছড়াচ্ছেন। সম্প্রতি, এই নববিবাহিত জুটি নিজেদের ভ্লগে হাজির হয়ে এমন কিছু কথা ফাঁস করলেন, যা শুনে অনুরাগীরা আরও একবার হেসে লুটোপুটি!

গেলো জুন মাসে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪-এর অধীনে গাঁটছড়া বেঁধে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। আন্তঃধর্মীয় এই বিবাহের পর থেকেই তারা ছিলেন বিতর্কের কেন্দ্রে, তবে এই লাভ বার্ডস বরাবরই ট্রোলিং উপেক্ষা করে নিজেদের শর্তে এবং নিজেদের মতো করে জীবন যাপন করেছেন।

সম্প্রতি, আবুধাবি ট্যুরিজমের আমন্ত্রণে এই দম্পতি ছুটি কাটাচ্ছেন দেশটিতে এবং নিজেদের ভ্লগে সেই সফরের ঝলক তুলে ধরেছেন। সেখানেই এলো এক মসলাদার' মুহূর্ত।

সোনাক্ষী জানান, তারা আবুধাবির বিখ্যাত শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ দেখতে যাবেন। এই প্রসঙ্গে অভিনেত্রী তার উত্তেজনা চেপে রাখতে পারেননি। তিনি বলেন, আমি খুব উত্তেজিত, কারণ এই প্রথমবার আমি কোনো মসজিদে প্রবেশ করতে চলেছি। আমি এর আগে মন্দির এবং গির্জায় গিয়েছি, কিন্তু কখনও মসজিদে যাইনি।

আর স্ত্রীর এই মন্তব্যের পরই যেন নেট-নাগরিকদের সম্ভাব্য সব প্রশ্নের জবাব একাই দিয়ে দিলেন জাহির! সঙ্গে সঙ্গে তিনি ক্যামেরার সামনে এসে চটুল মেজাজে বলেন, স্পষ্ট করে বলে দিই, আমি ওকে ধর্মান্তরিত করার জন্য সেখানে নিয়ে যাচ্ছি না। আমরা শুধুমাত্র মসজিদটি দেখতে যাচ্ছি কারণ সেটি ভীষণ সুন্দর।

স্বামীর এমন বুদ্ধিদীপ্ত সাফাইয়ে উচ্ছ্বসিত সোনাক্ষী সঙ্গে সঙ্গেই চিৎকার করে ওঠেন, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, জিন্দাবাদ! এই মুহূর্তটিই প্রমাণ করে দেয়, কেন এই জুটি এত জনপ্রিয় এবং কেন তারা এত সহজে সব ধরনের বিতর্ককে উড়িয়ে দেন।

জানা যায়, এই সম্পর্কের সূত্রপাত সাত বছর আগে। কিন্তু মজার বিষয় হলো, এই প্রেমের শুরুটা করেছিলেন অভিনেত্রী নিজেই! কাজলের টক শো-তে সোনাক্ষী নিজেই জানিয়েছিলেন। 

সোনাক্ষী বলেন, ওকে যখন প্রথম দেখেছিলাম, সেটা ছিল একটা 'ইনস্ট্যান্ট ক্লিক'। আমি শুধু জানতাম, এই মানুষটার সঙ্গেই আমি আমার বাকি জীবনটা কাটাতে চাই। এক মাসের মধ্যেই আমি ওকে বলে দিয়েছিলাম যে আমি তোমাকেই বিয়ে করব। তারপর সাত বছর পর তাঁরা সত্যিই বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

যেখানে বলিউড তারকাদের বিয়েতে ডিজাইনার পোশাক নিয়ে মাসখানেক ধরে আলোচনা চলে, সেখানে সোনাক্ষী তার সাজ নিয়ে ছিলেন একেবারেই সাধারণ। অভিনেত্রী জানান, বিয়ের দিন তিনি ন্যূনতম সাজসজ্জা চেয়েছিলেন।

তিনি মায়ের শাড়ি পরার সিদ্ধান্ত নেন এবং মায়ের আলমারি থেকে মাত্র পাঁচ মিনিটের মধ্যে একটি অফ-হোয়াইট চিকনকারি শাড়ি বেছে নেন, যা তাঁর আইকনিক বিয়ের লুক হয়ে ওঠে।

সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল প্রমাণ করলেন, প্রেম ও বিবাহ দুটোই হওয়া উচিত সহজ, মুক্ত এবং নিজেদের শর্তে। এই 'স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, জিন্দাবাদ' ঘোষণা দিয়ে তারা যেন পুরোনো ধ্যানধারণার প্রতি একটি জোরালো চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন!