বলিউডে আবারও খুশির খবর। অপেক্ষার প্রহর শেষ। সুপারস্টার দীপিকা পাডুকোনের কোলজুড়ে এলো এক কন্যা সন্তান। নাম রাখা হয়েছে ‘লক্ষ্মী’। চলতি বছর ফেব্রুয়ারি মাসে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ঘোষণা করেছিলেন তাঁদের প্রথম সন্তান আসার খবর। আভাস দিয়েছিলেন সেপ্টেম্বরেই আসতে পারে তাদের সংসারের নতুন অতিথি। সেই থেকে তাদের সঙ্গে ভক্তকূলের অপেক্ষা শুরু।
সন্তান জন্মের আগে গণপতি দেবের দর্শনে একসঙ্গে দেখা গিয়েছিলেন এই জুটিকে। অবশেষে এল সুখবর। রোববার সকালে মুম্বইয়ের রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন দীপিকা। এখন বেশ কিছুদিন মাতৃত্বকালীন ছুটিতে থাকবেন অভিনেত্রী। আগামী মার্চে ফিরবেন শুটিং ফ্লোরে।
সামাজিক মাধ্যমে লক্ষ্ণীর আগমনের সুখবর দেন ‘সুপারস্টার’ মা-বাবা। মুম্বইয়ে গণেশ উৎসবের আবহে দীপবীরের সংসারে ‘লক্ষ্মী’ আসার খবরে অনুরাগীরা তো বটেই ইন্ডাস্ট্রির সহকর্মীরাও ততোধিক উচ্ছসিত। তার মধ্যেই দারুণ সব প্রতিক্রিয়া দিলেন আলিয়া-প্রিয়াঙ্কাদের মতো কন্যাসন্তানের মায়েরা।
খুশিতে ডগমগ হয়েই ক্ষুদে রাজকন্যে খবর শেয়ার করেন রণবীর-দীপিকা। আর সেই পোস্টেই আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, শাহিন ভাট, রুবিনা দিলাইক, আথিয়া শেট্টি, মালাইকা অরোরা, পূজা হেজসহরহ বলিউডের নামী-দামি সব তারকারা শুভেচ্ছার নহর বইয়ে দেন। কম যাননি ভক্তকূলেরাও।
শনিবার বিকেলেই দীপিকাকে নিয়ে হাসপাতালে ভর্তি করাতে যান রণবীর সিং। সেই মুহূর্তটি নেট দুনিয়াতে আসতেই দাবানল গতিতে ভাইরাল ভিডিও। অনুরাগীদের প্রার্থনা ছিলো, ঈশ্বরের আশীর্বাদে গণেশ চতুর্থীর দিনই যেন সন্তানলাভ করেন রণবীর-দীপিকা। গণেশ উৎসবের আবহে পাওয়া গেল সেই সুখবর।
সন্তান আসার পরেই তাকে নিয়ে নতুন বাড়িতে উঠছেন দীপিকা ও রণবীর। বাবার সঙ্গে যৌথভাবে মুম্বইয়ের সমুদ্র সৈকতের কাছাকাছি একটি বাড়ি কিনেছেন রণবীর। ১১৯ কোটি টাকার এই সম্পত্তিতে আর কিছুদিনের মধ্যেই নবজাতককে নিয়ে থাকতে শুরু করবেন রণবীর-দীপিকা।
প্রসঙ্গত, রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর, ২০১৩ সালে 'গোলিয়ো কি রাসলীলা: রামলীলা'র শুটিং সেট থেকে একে অপরের প্রেমে পড়েন রণবীর ও দীপিকা। দু’জনকে একসঙ্গে দেখা যেতে থাকে বিভিন্ন সব সামাজিক অনুষ্ঠানে। এরপর ২০১৮ সালের ১৪ নভেম্বর গাঁটছড়া বাঁধেন এই তারকা জুটি।