নতুন প্রজন্মের ‘জেন-জি’ আন্দোলনকারীদের নিয়ে অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতের বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করলেন জনপ্রিয় বলিউড অভিনেতা ও সমাজকর্মী সোনু সুদ। তরুণ প্রজন্মই তারকা তৈরি করে উল্লেখ করে সোনু সোজা জানিয়ে দেন, সাধারণ মানুষই ঈশ্বরাবতার এবং কিছু বলার আগে প্রত্যেকেরই ভেবেচিন্তে কথা বলা উচিত।
সম্প্রতি দিল্লির যন্তর মন্তরসহ বিভিন্ন স্থানে জেন-জি বিক্ষোভকারীদের ভাষার ব্যবহারের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কঙ্গনা রানাওয়াত একাধিক কড়া পোস্ট করেন। তরুণদের আন্দোলন ও রিলসগুলোকে ‘বমি উদ্রেককারী’ বলে অভিহিত করার পাশাপাশি তিনি তাদেরকে পড়াশোনায় খারাপ, মাদক ও অ্যালকোহলে আসক্ত এবং ‘ গাধা প্রজন্ম’ হিসেবে কটাক্ষ করেন।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে সোনু সুদ প্রথমে কঙ্গনার মন্তব্যের বিষয়ে বিস্তারিত জানেন না বলে জানান। তবে যুবসমাজের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই তরুণরাই একজন অভিনেতাকে তৈরি করে এবং এই উচ্চতায় পৌঁছাতে সাহায্য করে। এরা পাশে থাকলে আপনি টিকে থাকবেন, না থাকলে লড়াইটা কঠিন হয়ে পড়ে। পেশা যাই হোক না কেন, অভিনেতা কিংবা চিকিৎসক- মানুষের ভালোবাসা ও সমর্থন ছাড়া কারও অস্তিত্বের কোনো অর্থ নেই।
পরবর্তীতে জনসমক্ষে কঙ্গনার জেন-জিকে ‘গাধা প্রজন্ম’ বলার বিষয়টি এক সাংবাদিক নিশ্চিত করলে সোনু কড়া ক্ষোভ প্রকাশ করেন। তিনি মন্তব্যটি অনুচিত আখ্যা দিয়ে বলেন, "তনি যদি সত্যি এমনটা বলে থাকেন, তবে এটি অত্যন্ত লজ্জাজনক। এটি বলা একদমই উচিত হয়নি।
কঙ্গনাকে পরোক্ষ বার্তা দিয়ে হিন্দি প্রবাদ স্মরণ করিয়ে দিয়ে সোনু বলেন, একটি প্রবাদ আছে- ‘তোল মোল কে বোল’ (কথা বলার আগে মেপে বলো)। কথা বলার আগে প্রতিটি মানুষের চিন্তা করা অত্যন্ত জরুরি, কারণ সাধারণ জনগণ ঈশ্বরেরই অপর রূপ।
তথ্যসূত্র; এনডিটিভি