আজ ২ নভেম্বর, বলিউডের ‘কিং’ শাহরুখ খানের ৬১তম জন্মদিন। আর বিশেষ এই মধ্যরাতেই ভক্তদের জন্য বছরের সবচেয়ে বড় উপহার নিয়ে হাজির হলেন কিং খান ও পরিচালক সিদ্ধান্ত আনন্দ। মুক্তি পেয়েছে শাহরুখের বহুপ্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল যায়ে’। আর এই গানে আবারও তাঁর সঙ্গে রসায়নে আগুন ঝরাতে ফিরেছেন দীর্ঘদিনের অনস্ক্রিন পার্টনার দীপিকা পাড়ুকোন।
তবে এটি কেবল কোনো সাধারণ রোমান্টিক গান নয়; রোমান্সের আড়ালে এক নির্মম ও ট্র্যাজিক রহস্যের আভাস দিয়ে পুরো ইন্টারনেট দুনিয়া তোলপাড় করে দিয়েছে গানটি!

একহাতে গোলাপ, অন্যহাতে পিস্তল: গানের শুরুতেই অল-ব্ল্যাক লুকে দ্বীপে হাঁটতে দেখা যায় শাহরুখকে। মুখে তাঁর ডায়ালগ, তিনি নাকি ‘আশিক’ (প্রেমিক), ‘কাতিল’ (খুনি) নন! কিন্তু গান এগোতেই মেলে উল্টো চিত্র। প্রেমিক সেজে দীপিকার সঙ্গে ডেটে যাওয়ার ৩০ সেকেন্ডের মাথায় গাড়ির ড্যাশবোর্ড থেকে গোলাপ তুলতে গিয়ে দেখা যায় পাশে বাঁধা এক অপহৃত ব্যক্তি। শাহরুখ অতি অনায়াসে সেই ব্যক্তির মাথায় গুলি চালিয়ে গোলাপ হাতে দীপিকার সঙ্গে রোমান্সে মেতে ওঠেন!
খেলাধুলার ফাঁকে দীপিকার ঘাড় বাঁকা হলে শাহরুখ তা সোজা করার চেষ্টা করেন, আর পরমুহূর্তেই দৃশ্য বদলে দেখা যায় অন্য এক শত্রুর ঘাড় মটকে দিচ্ছেন তিনি। পুরো গান জুড়ে তাঁর ৮ প্যাক অ্যাবস, ট্যাটু করা শরীর, কুড়াল হাতে একের পর এক শত্রু খতমের নির্মমতা আর সবশেষে ক্যাসিনোতে মাথা উড়িয়ে দিয়ে শাহরুখের বিস্ফোরক উক্তি ‘এবার হৃদয়ে আগুন লেগেছে, বিশ্বকে না জ্বালিয়ে শান্তি মিলবে না!’ ইঙ্গিত দিচ্ছে ‘কিং’ ছবিতে কত বড় ট্র্যাজেডি অপেক্ষা করছে।

অরিজিৎ-এড শেরান ও গানমেকারদের মহাধামাকা: ‘তু মিল যায়ে’ গানটির সুর করেছেন শচীন-জিগার। চলতি বছরের শুরুতে প্লেব্যাক গান থেকে অবসর নেওয়ার ঘোষণা দেওয়া অরিজিৎ সিংয়ের কণ্ঠে শাহরুখের জন্য সম্ভবত এটিই শেষ গান! আর তাঁর সঙ্গেই কণ্ঠ মিলিয়ে র্যাপ করেছেন ব্রিটিশ পপ তারকা এড শেরান। কুমার-এর লেখা ও মধুশ্রী বাগচীর সহ-কণ্ঠের এই ট্র্যাকে সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ ছবির সেই ‘বেশরম রং’-এর নস্টালজিয়া আবারও ফিরে এসেছে।
দীপিকা ও শাহরুখের এটি ষষ্ঠ ছবি হতে যাচ্ছে (ওম শান্তি ওম, চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার, পাঠান ও জওয়ানের পর)। বড়দিনে (২৪ ডিসেম্বর) প্রেক্ষাগৃহে আসতে যাওয়া এই ছবিতে আরও আছেন অভিষেক বচ্চন, আরশাদ ওয়ার্সি, জয়দীপ আহলাওয়াত, সুহানা খান ও অভয় বর্মা।

মন্নতের সামনে নিরাপত্তার কড়াকড়ি ও জনসমুদ্র: ৬১তম জন্মদিনে শাহরুখের বাড়ি মন্নতের সামনে উপচে পড়েছে হাজার হাজার ভক্তের ভিড়। মন্নতের প্রাচীরে ঝুলছে ‘হ্যাপি বার্থডে কিং’-এর বিশালাকার পোস্টার। তবে সাম্প্রতিক সময়ে একাধিক বলিউড তারকাকে হত্যার হুমকি ও হামলার চেষ্টার কারণে রোববার সন্ধ্যা থেকেই মন্নতের সুরক্ষায় কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে মুম্বাই পুলিশ। ভক্তদের সব ভালোবাসা গ্রহণ করে মন্নত থেকেই এক বার্তায় ভালোবাসা ফিরিয়ে দিয়েছেন জন্মদিনের আসল ‘কিং’ শাহরুখ খান!
তথ্যসূত্র: ইন্ডিয়ার এক্সপ্রেস
