ইউকে ও আইরিশ বক্স অফিসেও ইতিহাস গড়লো রামায়াণ

ভারতে যখন রণবীর কাপুরের রামায়ন একের পর এক ইতিহাস গড়ছে, তখন যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের বক্স অফিসে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে সনির অ্যানিমেটেড পৌরাণিক অ্যাডভেঞ্চার ছবি ‘রামায়ণ: রাইজ অফ এ লিজেন্ড’। সব রেকর্ড চূর্ণ-বিচূর্ণ করে এই প্রথম কোনো ভারতীয় ফিচার ছবি জায়গা করে নিয়েছে বক্স অফিসের একেবারে শীর্ষ সিংহাসনে!

মুক্তির শুরুতেই তাক লাগিয়ে দিয়েছে সনির বহুল আলোচিত অ্যানিমেটেড ছবি ‘রামায়ণ: রাইজ অফ এ লিজেন্ড’। যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড বক্স অফিসে ২১ লাখ পাউন্ড (প্রায় ২.৮ মিলিয়ন ডলার) আয় করে এক নতুন মাইলফলক স্পর্শ করেছে ছবিটি।

এর আগে এই অঞ্চলের বক্স অফিসে ভারতীয় সিনেমার সর্বোচ্চ সাফল্য ছিলো দ্বিতীয় স্থান, যা অতীতে যৌথভাবে ধরে রেখেছিল এস. এস. রাজামৌলির ‘আরআরআর’ (২০২২), শাহরুখ খানের ‘পাঠান’ ও ‘জওয়ান’ (২০২৩) এবং চলতি বছরের শুরুর দিকে মুক্তি পাওয়া রণবীর সিংয়ের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। সেই সব রেকর্ড ভেঙে এবার মুকুট ছিনিয়ে নিল এই অ্যানিমেশন মাস্টারপিসটি!

তীব্র প্রতিযোগিতাপূর্ণ উইকএন্ডে এই লড়াইয়ে বেশ জমজমাট ছিল বক্স অফিস। ডিজনি প্রযোজনা সংস্থার ‘ওয়াইল্ড হর্স নাইন’ ১৯ লাখ ডলার আয় করে তালিকার দ্বিতীয় স্থান দখল করেছে। আর অ্যানিমে লিমিটেডের বহুল প্রতীক্ষিত ‘গডজিলা মাইনাস জিরো’  সংগ্রহ করেছে ১.৮ মিলিয়ন ডলার, যা তাদের নিয়ে গেছে তালিকার তৃতীয় অবস্থানে।

তালিকায় অন্যান্য ছবির মধ্যে ব্ল্যাক বেয়ারের পিরিয়ড কমেডি ‘উইকার’ চতুর্থ এবং ইউনিভার্সালের কনসার্ট প্রেজেন্টেশন ‘জর্জ মাইকেল: দ্য ফেইথ ট্যুর’ পঞ্চম স্থান অধিকার করেছে। এছাড়া রবার্ট প্যাটিনসন অভিনীত এ২৪-এর ‘প্রাইমটাইম’ এবং অন্যান্য নতুন ও পুরোনো রিলিজগুলোও বক্স অফিসে ভালো লড়াই চালিয়ে যাচ্ছে। তবে সব আলো কেড়ে নিয়ে এখন ব্রিটিশ দর্শকদের মুখে মুখে শুধুই ‘রামায়ণ’-এর জয়জয়কার!

তথ্যসূত্র: দ্য ভ্যারাইটি