সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তুফান’ এখন তুঙ্গে। ঈদের অন্যান্য সিনেমার মধ্যে ‘তুফান’ মুক্তি পাওয়ার প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের শীর্ষে। ইতোমধ্যে ঢাকাসহ দেশজুড়ে ১২০টির বেশি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি।
মুক্তির দিন থেকে শুরু করে এখন পর্যন্ত তুফানের একের পর এক রেকর্ড। সিনেপ্লেক্সে শাকিব খানের ‘তুফান’ বাংলা সিনেমার জগতে সর্বোচ্চ শোয়ের রেকর্ডসহ দেশের একাধিক শো হাউজফুল করে রেখেছে। মধ্যরাতে শো চালানোর রেকর্ড ছাড়াও সিনেমাটির টিকিট না পেয়ে রাজধানীর প্রসিদ্ধ একটি সিনেমা হলে ভাঙচুরের ঘটনা পর্যন্ত ঘটেছে।
এমন খবরে ভারতেও বাড়ছে ‘তুফান’ নিয়ে আগ্রহ। তাছাড়া শাকিব খানের জুটি হিসেবে ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী আছেন এই সিনেমায়। তাই শুরু থেকেই তুফান নিয়ে উন্মাদনা ছিলো পশ্চিম বাংলায়।
ভারতের দর্শকরা ‘তুফান’ দেখতে সামাজিক মাধ্যমে আগ্রহ প্রকাশ করায় নির্মাতারা দ্রুতই সিনেমাটি কলকাতার প্রেক্ষাগৃহে চালানোর পরিকল্পনা করছেন।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের তথ্যমতে, ‘তুফান’ ভারতের প্রেক্ষাগৃহে আগামী ২৮ জুন মুক্তি পেতে পারে। তবে এ বিষয়ে প্রযোজনা সংস্থার থেকে এখনও কোনো স্পষ্ট ঘোষণা আসেনি।
সম্প্রতি ওপার বাংলায় মুক্তি পেয়েছিল বাংলাদেশের সিনেমা ‘হাওয়া’ ও ‘সুড়ঙ্গ’। এগুলো সেখানে বেশ সাড়া ফেললেও বক্স অফিসে তা ধরে থাকতে পারেনি।
সেক্ষেত্রে ‘তুফান’ যদি ভারতের দর্শক টানতে সক্ষম হয়, তবে আগামী দিনে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ক্ষেত্রটি আরও সুগম হবে বলে ধারণা করছে ইন্ডাস্ট্রির একাংশ।