মিস ইউনিভার্স গ্রান্ড ফিনালে থাকছে যেসব চমক

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার অন্যতম মর্যাদাপূর্ণ আসর ৭৫তম মিস ইউনিভার্সের জমকালো পর্দা উঠতে যাচ্ছে আগামী ২৪ নভেম্বর। পুয়ের্তো রিকোর সান জুয়ানে অবস্থিত হোসে মিগুয়েল অ্যাগ্রেলট কলিসিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশেষ আসরে বিশ্বের শতাধিক দেশ থেকে আসা প্রতিযোগীরা অংশ নিচ্ছেন।

প্রতিষ্ঠার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজকেরা শুরু থেকেই প্রতিযোগিতার নানা অনুষঙ্গে মিস ইউনিভার্সের দীর্ঘ ইতিহাসের স্মারক ও বিশেষ চমক যুক্ত করেছেন।

Miss Universe 01
বিশেষ এই আসরের প্রাক-প্রতিযোগিতা পর্বে প্রকাশিত ফটোশুটে দেখা গেছে মিস ইউনিভার্সের প্রথম আসরের পোশাকের অনুপ্রেরণায় তৈরি সুইমস্যুটে। ডিজাইনার জিয়ানিনা আজার অফ-হোয়াইট সিল্ক লাইক্রায় তৈরি প্রতিটি পোশাক হাতে আঁকা তারা ও রুপালি সোয়ারোভস্কি ক্রিস্টালে সাজিয়ে তুলেছেন।

আরও একটি বিশেষ চমক হলো, প্রতিটি ছবিতেই প্রতিযোগীদের হাতে রয়েছে একটি রাজদণ্ড, যা ১৯৭০ সালে প্রথম পুয়ের্তো রিকান নারী হিসেবে মিস ইউনিভার্সের মুকুট জয়ী ম্যারিসল মালারেতের প্রতি শ্রদ্ধার্ঘ্য। মালারেতের কন্যা সাশা স্ট্রোমান মালারেত তাঁর মায়ের বিজয়ের সময়কার সেই ঐতিহাসিক আসল রাজদণ্ডটি দান করেছেন।

Miss Universe 03
এবারের আসরে নতুন কয়েকটি দেশের অভিষেকের পাশাপাশি দীর্ঘদিন পর ফিরছে ১৬টি দেশ। এর মধ্যে মিস ইউনিভার্স সেন্ট মার্টিন ও মিস ইউনিভার্স উগান্ডার অভিষেক যেমন উল্লেখযোগ্য, তেমনি ১৯৬০ সালের পর জর্ডান এবং ১৯৭১ সালের পর তিউনিসিয়া আবারও এই প্রতিযোগিতায় ফিরে এসেছে।

তবে ৭৫তম আসরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন মিস ইউনিভার্স অর্গানাইজেশন বেশ উত্তাল সময় পার করেছে। গত আসরে আয়োজক কর্মকর্তা ও প্রতিযোগীদের তীব্র বাদানুবাদ, শেষ মুহূর্তে বিচারকদের পদত্যাগ এবং চোটের মতো নানা বিতর্ক ও অস্থিরতা দেখা গিয়েছিল।

Miss Universe 04
এবার পুয়ের্তো রিকোয় প্রতিযোগিতা শুরু হওয়ার পরও নানা অঘটনের খবর সামনে এসেছে। বালুর ওপর তৈরি অস্থায়ী রানওয়েতে হাঁটার সময় কয়েকজন প্রতিযোগীর হোঁচট খাওয়া ও পড়ে যাওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে। এ ছাড়া মহড়ার সময় হাঁটুতে চোট পাওয়ায় মিস ইউনিভার্স ফ্রান্সকে হুইলচেয়ারে করে হোটেল থেকে বের করার ভিডিও নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ১৮ নভেম্বর থেকেই প্রতিযোগীরা পুয়ের্তো রিকোয় অবস্থান করে ফটোশুট, পোশাকের মাপ নেওয়া ও মহড়াসহ নানা প্রস্তুতিমূলক কর্মকাণ্ডে ব্যস্ত রয়েছেন। তাঁদের রুদ্ধদ্বার সাক্ষাৎকার পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে। ২১ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ন্যাশনাল কস্টিউম কম্পিটিশন এবং ২২ নভেম্বর সন্ধ্যা ৬টায় অফিশিয়াল প্রিলিমিনারি কম্পিটিশন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

Miss Universe 02
এরপর ২৪ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৮টায় সান জুয়ান থেকে সরাসরি সম্প্রচারিত হবে ৭৫তম মিস ইউনিভার্সের চূড়ান্ত মুকুট পরানোর জমকালো অনুষ্ঠান।

গ্র্যান্ড ফিনালের মূল সঞ্চালনায় থাকবেন টেলিভিশন উপস্থাপক মারিও লোপেজ এবং ২০২২ সালের মিস ইউনিভার্স বিজয়ী আর’বনি গ্যাব্রিয়েল। পুরো সন্ধ্যাজুড়ে অতিরিক্ত ধারাভাষ্য দেবেন ১৯৯৩ সালের মিস ইউনিভার্স দায়ানারা তোরেস এবং দীর্ঘদিনের সঞ্চালক জুরি হল।

এছাড়া ২১ নভেম্বরের ন্যাশনাল কস্টিউম পর্বে ২০০৬ সালের মিস ইউনিভার্স জুলেইকা রিভেরা এবং ২২ নভেম্বরের প্রিলিমিনারি পর্বে ২০০১ সালের মিস ইউনিভার্স উপস্থাপকের দায়িত্ব পালন করবেন।