গোল্ডেন গ্লোবে বাজিমাত করলো ‘এমিলিয়া পেরেজ’

শেষ পর্যন্ত সমালোচকদের অনুমানই সত্যি হলো। গোল্ডেন গ্লোবে বাজিমাত করলো জ্যাক অঁদিয়ারের ‘এমিলিয়া পেরেজ’। অন্য পুরস্কারগুলোর বেশিরভাগই মিলে গেছে সমালোচকদের ভবিষ্যদ্বাণীর সঙ্গে। যৌথভাবে সর্বোচ্চ চারটি করে পুরস্কার পেয়েছে ‘এমিলিয়া পেরেজ’ ও ‘শোগান’।

১৯৪৪ সাল থেকে আমেরিকাসহ বিভিন্ন দেশের সিনেমা ও টেলিভিশন অঙ্গনের সেরা কাজগুলোকে স্বীকৃতি দেয় গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। বাংলাদেশ সময় সোমবার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দ্য বেভারলি হিলটন হোটেলে গোল্ডেন গ্লোবসের বিজয়ীদের মধ্যে পুরস্কার দেয়া হয়। 

গোল্ডেন গ্লোবস বিজয়ী নির্বাচনে এবার ৮৫টি দেশের সাংবাদিক অংশ নেন। বাংলাদেশের ৪ জনসহ সর্বমোট ৩৩৪ জন সাংবাদিকের ভোটে নির্বাচিত হন বিজয়ীরা। ২০২৪ সালের সেরা অভিনয়শিল্পী, পরিচালক, গল্পকার, চিত্রনাট্যকার ও প্রযোজকদের নাম ছিল এবারের আসরে।

ফরাসী সিনেমা ‘এমিলিয়া পেরেজ’ এর ঝুলিতে এবার গ্লোডেন গ্লোবের সর্বাধিক পুরস্কার। তে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন জোয়ি সালদানিয়া। সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র এবং কমেডি শাখায় সেরা চলচ্চিত্রসহ মোট ৪টি পুরস্কার জিতেছে নেটফ্লিক্সের এই ছবিটি।

ছবিটির জন্য আদ্রিয়ানা পাজ, কার্লা সোফিয়া গাসকোন, সেলেনা গোমেজ ও জোয়ি সালদানা গত বছর কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। মেক্সিকোর চার প্রতিষ্ঠিত নারীর গল্প এটি, যারা নিজেদের মতো করে সুখী হতে চায়। 

অনুমিতভাবে গত বছরের আরেকটি প্রশংসিত সিনেমা ‘দ্য ব্রুটালিস্ট’ পেয়েছে ড্রামা ক্যাটাগরিতে সেরা ছবির পুরস্কার। এ ছবির জন্য সেরা অভিনেতা (ড্রামা) হয়েছেন অড্রিয়েন ব্রডি। একই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার উঠেছে ব্র্যাডি করবেটের হাতে।

গত বছরের আরেকটি আলোচিত সিনেমা ছিল কোরালি ফারগেটের ‘দ্য সাবস্ট্যান্স’। এ ছবিতে অভিনয়ের জন্য প্রথমবারের মতো সেরা অভিনেত্রীর (মিউজিক্যাল-কমেডি) পুরস্কার পেয়েছেন ডেমি মুর। এছাড়া ‘আ ডিফারেন্ট ম্যান’-এর জন্য সেরা অভিনেতা(মিউজিক্যাল-কমেডি) হয়েছেন সেবাস্তিয়ান স্ট্যান। 

‘আই অ্যাম স্টিল হেয়ার’-এর জন্য সেরা অভিনেত্রী (ড্রামা) হয়েছেন ফারনন্ডা তোরেস। পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ নিয়ে নানা আলোচনা হলেও শেষ পর্যন্ত সেরা অ-ইংরেজিভাষী সিনেমা হয়েছে ‘এমিলিয়া পেরেজ’। সেরা অ্যানিমেশন ছবি হয়েছে ‘দ্য ওয়াইল্ড রোবট’।

এবার বর্ষীয়ান মার্কিন অভিনেত্রী ভায়োলা ডেভিস পেয়েছেন আজীবন সম্মাননা পুরস্কার, সেসিল বি. ডিমিল অ্যাওয়ার্ড। মার্কিন কমেডিয়ান নিকি গ্লেজার প্রথম নারী হিসেবে এককভাবে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস সঞ্চালনা করেন। গোল্ডেন গ্লোব বিজয়ীদের নির্বাচনে ভোট দিয়েছেন ৮৫টি দেশের ৩৩৪ জন সাংবাদিক।

টিভি বিভাগে সর্বোচ্চ পাঁচ মনোনয়ন পেয়েছিল ‘দ্য বিয়ার’। কিন্তু মূল পুরস্কারে সর্বোচ্চ চার পুরস্কার জিতেছে গত বছরের সবচেয়ে আলোচিত সিরিজগুলোর একটি ‘শোগান’। সেরা ড্রামা সিরিজ ছাড়ও আরও তিন পুরস্কার জিতেছে এটি। মিউজিক্যাল-কমেডি বিভাগে সেরা সিরিজ হয়েছে ‘হ্যাকস’। 

সেরা লিমিটেড সিরিজের পুরস্কার পেয়েছে ‘বেবি রেইন্ডার’। ড্রামা বিভাগের সেরা অভিনেতা ও অভিনেত্রী হয়েছেন ‘শোগান’-এর হিরোয়ুকি সানাডা ও আনা সাওয়াই। মিউজিক্যাল-কমেডি বিভাগে সেরা অভিনেতা হয়েছেন জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বিয়ার), সেরা অভিনেত্রী জিন স্মার্ট (হ্যাকস)।