অনুপমের বিয়ে, কী বললেন প্রাক্তন স্ত্রী

অনুপম রায়ের বিয়ের খবর ছড়িয়ে পড়তেই শুধু বর-কনে নয় ঘুরেফিরে আসছে প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর কথা।

২০১৫ সালে বিয়ে হয়েছিল দু’জনের। সাত বছর সংসার করেছেন দু’জনে। ২০২১ সালে বিচ্ছেদ হয় অনুপম-পিয়ার। গত বছরের পিয়া বিয়ে করেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। তাদের বিয়ের পর নানা রকম আলোচনার কেন্দ্রে ছিলেন পিয়া।

অনুপম আবার ঘর বাঁধছেন প্রস্মিতা পালের সঙ্গে। আনন্দবাজারকে পিয়া জানালেন, অনুপম-প্রস্মিতার জন্য শুভকামনাই রয়েছে তার মনে। তাদের আগামী জীবন সুখের হবে, এমনই আশা পিয়ার।

কিন্তু অনুপমের নতুন সম্পর্কের কথা কি আগে জানতেন প্রাক্তন স্ত্রী? নাকি পিয়াও আর পাঁচ জনের মতো সোমবারই গায়কের বিয়ের খবর পেয়েছেন?

পিয়া বলেন, ‘যবে ওদের বিয়ের কথা জেনেছি, তবে নিজে থেকেই শুভেচ্ছা জানিয়েছি অনুপমকে। বিয়ের দিন ঠিক হয়েছে, তা আগেই জানতাম।’

অনুপমের হবু স্ত্রী প্রস্মিতা পালের সঙ্গে আলাপও আছে পিয়ার। আনন্দবাজারকে তিনি বলেন, ‘আগে থেকেই জানি ওদের কথা। আমরা সকলেই তো সকলের চেনা।’

অনুপম-প্রস্মিতার নতুন জীবন ভালোভাবে শুরু হোক, ওরা ভাল থাকুন, এটুকুই চান গায়ক অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া।