স্টেডিয়ামের ভেতর ৬৫ হাজার, বাইরে আরও ৪০ হাজার!

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস তাদের নতুন অ্যালবাম ‘অরিরাং’ প্রকাশের পরপরই বিশ্ব সফরে বেরিয়েছে, আর যেখানেই তারা পা রাখছে, সেখানেই তৈরি হচ্ছে এক অভাবনীয় উন্মাদনা। সম্প্রতি মেক্সিকো সিটিতে টানা তিন রাতের ঐতিহাসিক কনসার্ট শেষ করল এই বিশ্ববিখ্যাত বয়-ব্যান্ড।

বিটিএস-এর উপস্থিতিতে পুরো মেক্সিকো সিটি যেন স্থবির হয়ে পড়েছিল, আর তাদের ঘিরে তৈরি হওয়া অর্থনৈতিক জোয়ারে রীতিমতো তাক লেগে গেছে বিশ্লেষকদের।

BTS
মেক্সিকো সিটির 'জিএনপি সেগুরোস' স্টেডিয়ামে প্রতিটি শো ছিল পুরোপুরি ‘সোল্ড আউট’। কিন্তু আসল চমক দেখা গেছে স্টেডিয়ামের বাইরে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, হাজার হাজার ভক্ত (যাদের ডাকা হয় ‘আর্মি’ নামে) টিকিট না পেয়েও স্টেডিয়ামের বাইরে ভিড় জমিয়েছেন।

একজন এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী লিখেছেন, মেক্সিকোর কনসার্টে টিকিট না পেয়েও প্রায় ৪০ হাজার মানুষ স্টেডিয়ামের বাইরে জড়ো হয়েছিলেন। তারা সেখান থেকেই ছেলেদের সমর্থন দিচ্ছিলেন এবং গান উপভোগ করছিলেন। হিসেব অনুযায়ী, স্টেডিয়ামের ভেতরে ৬৫ হাজার দর্শক আর বাইরে আরও ৪০ হাজার, সব মিলিয়ে প্রায় এক লাখ মানুষ একই জায়গায় বিটিএস’র প্রেমে মত্ত ছিলেন!

স্টেডিয়ামের চারপাশের রাস্তাগুলো পরিণত হয়েছিল এক বিশাল বেগুনি উৎসবে। টিকিট না থাকা সত্ত্বেও ভক্তরা সেখানে গান গেয়েছেন, নাচ করেছেন এবং নিজেদের মধ্যে বিটিএস স্টিকার বিনিময় করেছেন। মেক্সিকান মিডিয়ার মতে, এই উন্মাদনা মেক্সিকোর সাধারণ জনজীবনকে অনেকটা অচল করে দিয়েছিল। ভক্তদের একজন লিখেছেন, বিটিএস কোনো তামাশা নয়; মেক্সিকান আর্মিরা আসলেই অন্য লেভেলের!


গত ৭, ৯ এবং ১০ মে মেক্সিকো সিটিতে সফলভাবে পারফর্ম করার পর বিটিএস-এর পরবর্তী গন্তব্য এখন ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড। সেখানে স্ট্যানফোর্ড স্টেডিয়ামে ১৬, ১৭ এবং ১৯ মে তারা পারফর্ম করবে। এরপরের গন্তব্য ‘সিন সিটি’ খ্যাত লাস ভেগাস, যেখানে ২৩ থেকে ২৮ মের মধ্যে ৪টি শো করার কথা রয়েছে তাদের।

বিটিএস যে বিশ্ব সঙ্গীতের মানচিত্র বদলে দিয়েছে, মেক্সিকোর এই জনসমুদ্র তারই প্রমাণ। ‘অরিরাং’ ওয়ার্ল্ড ট্যুরের মাধ্যমে তারা কেবল গান শোনাচ্ছেন না, বরং বিশ্বজুড়ে এক সাংস্কৃতিক বিপ্লবের নেতৃত্ব দিচ্ছেন। এখন ক্যালিফোর্নিয়া আর লাস ভেগাস এই বেগুনি জ্বরে কতটা কাবু হয়, সেটাই দেখার অপেক্ষা।