টেলিভিশন অঙ্গনের অস্কার হিসাবে বিবেচিত ও মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসের ৭৮তম আসর এবার বসেছিলো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। এবার এমির ইতিহাসে এক অভাবনীয় ও অভূতপূর্ব রেকর্ডের জন্ম দিয়ে এক রাতেই দুটি কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার ঝুলিতে পুরেছেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রিস। যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক টেলিভিশন পুরস্কার অনুষ্ঠানে তিনি একই সাথে দুটি ভিন্ন ক্যাটাগরিতে সেরা অভিনেতার ট্রফি জিতে ইতিহাস গড়লেন।
অ্যালান অলডা, স্যালি ফিল্ড কিংবা টেড ড্যানসনের মতো খ্যাতনামা তারকাদের আগে একই বছরে দুই প্রধান চরিত্রে মনোনয়ন পাওয়ার নজির থাকলেও, এক রাতেই দুটি ক্যাটাগরিতে সেরা লিড অ্যাক্টরের জোড়া জয় পাওয়ার কীর্তি এই প্রথম।
মঞ্চে উঠে দ্বিতীয় পুরস্কারটি গ্রহণের সময় আবেগপ্লুত রিস এই অর্জন উৎসর্গ করেন নিজের জন্মভূমি ওয়েলসের মানুষদের উদ্দেশ্যে। নিজ মাতৃভাষা ওয়েলশে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমরা একটি ছোট্ট কিন্তু শক্তিশালী জাতি। কখনও কখনও যে আমরা আমাদের ক্ষমতার চেয়েও বড় ধাক্কা দিতে পারি, তা প্রমাণ করার সুযোগ পেয়ে আমি গর্বিত।
রেকর্ড স্পর্শ ও প্রধান প্রধান ট্রফি জয়: এবারের এমি আসরে অন্যান্য ক্যাটাগরিতেও জমে উঠেছিল তীব্র প্রতিযোগিতা ও রেকর্ডের খেলা। ‘হ্যাকস’ সিরিজের শেষ মৌসুমের জন্য পঞ্চমবার সেরা কমেডি অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জিন স্মার্ট। অন্যদিকে ‘দ্য ডিপ্লোম্যাট’ সিরিজের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পান অ্যালিসন জ্যানি। এই জয়ের মাধ্যমে দুজনেই তাঁদের ক্যারিয়ারের অষ্টম এমি ট্রফি জিতে ক্লোরিস লিচম্যান এবং জুলিয়া লুই-ড্রেফাসের সাথে যৌথভাবে সর্বাধিক এমি জয়ের ঐতিহাসিক রেকর্ড স্পর্শ করেছেন।
টেলিভিশন ড্রামা ক্যাটাগরির সবচেয়ে মর্যাদাপূর্ণ 'সেরা ড্রামা'র পুরস্কার জিতে নিয়েছে মেডিক্যাল ড্রামা সিরিজ ‘দ্য পিট’। এই সিরিজের জন্য টানা দ্বিতীয় বছরের মতো সেরা ড্রামা অভিনেতার ট্রফি জিতেছেন নোহ ওয়াইলি। এ ছাড়া অ্যাপল টিভির ‘প্লুরিবাস’ সিরিজে অভিনয় করে ক্যারিয়ারের প্রথম এমি জিতেছেন রি সিহর্ন। ‘উইডো'স বে’ সিরিজে 'প্যাট্রিশিয়া' চরিত্রে অভিনয় করে সেরা পার্শ্ব কমেডি অভিনেত্রীর পুরস্কার পান ব্রিটিশ অভিনেত্রী কেট ও'ফ্লিন।
মাইকেল জে ফক্সকে বিশেষ সম্মাননা: পুরস্কারের জমকালো আয়োজনের মাঝে সবচেয়ে আবেগঘন মুহূর্তটি তৈরি হয় যখন পার্কিনসন রোগে আক্রান্ত বিখ্যাত হলিউড অভিনেতা মাইকেল জে ফক্সকে মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। পার্কিনসন রোগীদের সহায়তায় টানা দুই দশকেরও বেশি সময় ধরে অনন্য অবদানের স্বীকৃতি হিসাবে ৬৫ বছর বয়সী এই তারকাকে দেয়া হয় সম্মানসূচক ‘বব হোপ হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্’।
হুইলচেয়ারে বসে সম্মাননা গ্রহণকালে উপস্থিত দর্শক-শ্রোতারা তাঁকে দাঁড়িয়ে উষ্ণ অভিবাদন জানান। ফক্স তাঁর বক্তব্যে বলেন, রোগকে গ্রহণ করার মানে এই নয় যে, তার কাছে আত্মসমর্পণ করতে হবে। লড়াই চালিয়ে যাওয়া এবং মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই আসল আনন্দ।
তথ্যসূত্র: বিবিসি