বিটিভির 'ফিরে এসো চিঠি' নিয়ে নস্টালজিয়ায় ভাসছে দর্শক

ডাকপিয়নের সাইকেলের মিষ্টি ঘণ্টা, কাগজের পাতায় জমে থাকা মায়াময় ঘ্রাণ আর স্মৃতির ঠিকানায় হারিয়ে যাওয়া চিঠি নিয়ে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হয়েছে নতুন পাক্ষিক আয়োজন ‘ফিরে এসো চিঠি’। যান্ত্রিক ও ব্যস্ত এই সময়ে চিঠির হারানো দিন আর আবেগকে ফিরিয়ে আনার এই উদ্যোগ ইতিমধ্যে দর্শকদের মনে গভীর দাগ কেটেছে।

চিঠি শুধু কিছু শব্দের সমষ্টি নয়, এ হলো অপেক্ষার মাধুর্য এবং হৃদয়ের সুতীব্র অনুভূতির স্পন্দন। ঐতিহ্যের ধুলোমাখা ডাকবাক্সগুলো খুলে অতীতের যোগাযোগ ব্যবস্থা, সমাজচিত্র, ইতিহাস, শিল্পকর্ম ও দর্শনকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে বিটিভি নিয়ে এসেছে বিশেষ গবেষণাধর্মী অনুষ্ঠান ‘ফিরে এসো চিঠি’।

BTV Letter 03
গত ১১ নভেম্বর বুধবার রাত ১১টা ৫ মিনিটে অনুষ্ঠানটির প্রথম পর্ব সম্প্রচারিত হয়, যার মূল বিষয়বস্তু ছিল ‘নজরুলের চিঠি’।

বিশিষ্ট লেখক অনার্য মুর্শিদের গবেষণা ও গ্রন্থনায় এবং বিটিভির সংবাদ পাঠিকা মেহেনাজ মুন্নির সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানটিতে চিঠির সেকাল ও একালের রূপ চমৎকারভাবে ফুটে উঠেছে। দুই প্রজন্মের অতিথিদের অংশগ্রহণে এটি হয়ে উঠেছে এক সুন্দর সেতুবন্ধন।

অনুষ্ঠানটির প্রযোজক গোলাম মোর্শেদ এবং প্রধান সমন্বয়ক এনামুল হক। এ ছাড়া এর নির্মাণ সহায়তাকারী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ‘দোয়েল কমিউনিকেশনস্’।

অনুষ্ঠানের প্রযোজক গোলাম মোর্শেদ জানান, বয়োজ্যেষ্ঠদের পাশাপাশি তরুণ অতিথিদের যুক্ত করার মাধ্যমে অনুষ্ঠানটি একটি ‘কালের আয়না’ হয়ে উঠেছে, যেখানে প্রজন্মের পর প্রজন্মের অনুভূতির গল্প প্রতিফলিত হচ্ছে।

BTV Letter 02
অন্যদিকে, দোয়েল কমিউনিকেশনস্-এর প্রধান নির্বাহী মসিউর রহমান বলেন, ব্যস্ততার এই যুগেও প্রিয়জনদের আবেগ ও অনুভূতি উপলব্ধি করার যে মানবিক আহ্বান, তা এই অনুষ্ঠানের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

সব মিলিয়ে, ডিজিটাল যুগের ভিড়ে হারিয়ে যাওয়া চিঠির নস্টালজিয়া এবং সাহিত্যের গভীরতা নিয়ে ‘ফিরে এসো চিঠি’ দর্শকদের হৃদয়ে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি করেছে।