হামের উপসর্গে আরও ছয় মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৩ জন।

রোববার (৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৭৫ জনের। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৮ জন প্রাণ হারিয়েছেন। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৮৭৩ জন মারা গেছেন।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৭৫ জন হামে আক্রান্ত হয়েছেন, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৮৮। এই সময়ে ৯৩৮ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯৪২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৩৬ হাজার ৩২০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ১১৫।

এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট এক লাখ ১৮ হাজার ৩৮২ রোগী, যাদের মধ্যে এক লাখ ১৪ হাজার ১৪২ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছেন।