হাড় ক্ষয়জনিত জটিল রোগ অস্টিওপোরোসিস প্রতিরোধ ও চিকিৎসার সুফল সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে ৬৪ জেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। রোগটিকে একটি ‘নীরব মহামারি’ আখ্যা দিয়ে তিনি বলেন, সচেতনতা ও আধুনিক রোগ নির্ণয় ব্যবস্থার অভাবে দেশের বিপুলসংখ্যক মানুষ দীর্ঘমেয়াদি শারীরিক কষ্ট ও হাড় ভাঙার ঝুঁকির মুখোমুখি হচ্ছেন।
মঙ্গলবা বিশ্ব অস্টিওপোরোসিস দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল ভবনের কনভেনশন হলে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘অস্টিওপোরোসিস: প্রতিরোধযোগ্য মহামারি’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, অস্টিওপোরোসিসে হাড় দুর্বল, পাতলা ও ছিদ্রযুক্ত হয়ে পড়ে, ফলে সামান্য আঘাতেই তা ভেঙে যায়। এটি মানুষের স্বাভাবিক চলাফেরা ও দৈনন্দিন কর্মক্ষমতা মারাত্মকভাবে কমিয়ে দেয়। ২০২৫ সালের এক পরিসংখ্যানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, বাংলাদেশে প্রায় ৬০ লাখ মানুষ এই রোগে আক্রান্ত, তবে বাস্তবে এর সংখ্যা আরও বেশি হতে পারে। বিশেষ করে বয়স্ক নারী ও উন্নয়নশীল দেশের নারীরা এই রোগে সবচেয়ে বেশি ভোগেন।
উত্তর-মধ্য বাংলাদেশের এক গবেষণার তথ্য তুলে ধরে তিনি জানান, ৪৫-৮০ বছর বয়সী নারীদের মধ্যে অস্টিওপোরোসিসের হার ৪০ শতাংশ এবং ৮৩ শতাংশের বেশি নারীর হাড়ের ঘনত্বে ঘাটতি দেখা গেছে। সুনির্দিষ্ট পরিসংখ্যান নির্ধারণে বড় পরিসরে গবেষণা ও নিয়মিত স্ক্রিনিং দরকার বলে তিনি মনে করেন।
রোগ প্রতিরোধে কয়েকটি বাস্তবসম্মত প্রস্তাব তুলে ধরেন ডা. জুবাইদা রহমান। তিনি একটি জাতীয় ‘অস্টিওপোরোসিস সোসাইটি’ গঠন এবং মাঠপর্যায়ে কর্মরত প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মীর মাধ্যমে ৬৪টি জেলাতেই স্ক্রিনিং ও সচেতনতা ছড়ানোর সুপারিশ করেন। পাশাপাশি প্রতিবছর ‘অস্টিওপোরোসিস সচেতনতা মাস’ পালন, নিয়মিত র্যালি, সেমিনার এবং যেখানে আধুনিক সুযোগ-সুবিধা নেই সেখানে ফ্র্যাকচার রিস্ক অ্যাসেসমেন্ট টুল ব্যবহারের পরামর্শ দেন। কন্যাশিশু ও তরুণীদের শৈশব থেকেই ক্যালসিয়াম ও ভিটামিন ডি-সমৃদ্ধ পুষ্টি নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈজ্ঞানিক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং ডা. আব্দুস সালাম এমপি। বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য প্যানেল আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব।
উল্লেখ্য, ‘আজীবন হাড় গড়ুন, সুরক্ষা দিন ও শক্তিশালী করুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবং ইনসেপ্টার বৈজ্ঞানিক সহযোগিতায় বিশ্বব্যাপী আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক অস্টিওপোরোসিস দিবস। চিকিৎসকরা একযোগে এই ব্যাধি প্রতিরোধে সমন্বিত সামাজিক ও প্রশাসনিক পদক্ষেপের দাবির প্রতি সমর্থন জানান।