বিক্ষোভের মুখে সুদানের প্রধানমন্ত্রীর পদত্যাগ

সাধারণ মানুষের ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদোক। দেশটির সেনাবাহিনীর সঙ্গে বিতর্কিত চুক্তির মাধ্যমে ক্ষমতায় ফেরার কয়েক সপ্তাহ পর রোববার (২ জানুয়ারি) পদত্যাগ করলেন তিনি।

পদত্যাগ করা প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদোক বলেন, আমি দায়িত্ব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং প্রধানমন্ত্রী হিসাবে আমার পদত্যাগ ঘোষণা করেছি। তার পদত্যাগের কারণে অন্য কেউ জাতির নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে এবং একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।   

তিনি আরও বলেন, সুদান বর্তমানে 'এক বিপজ্জনক টার্নিং পয়েন্টে' রয়েছে। দেশকে বিপর্যয়ের দিকে এগিয়ে যাওয়া ঠেকাতে সাধ্যমত চেষ্টা করেছেন তিনি। সবার সম্মতিতে পৌঁছাতেই ছিল তার সব চেষ্টা, কিন্তু তা হয়নি।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, ২০২০ সালের অক্টোবরে সেনাবাহিনী ক্ষমতা দখল করে আবদাল্লাহ হামদোককে গৃহবন্দি করে। তবে অভ্যুত্থানের নেতাদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির চুক্তির মাধ্যমে পরের মাসেই আবারও ক্ষমতায় ফেরেন তিনি।

কিন্তু পরবর্তীতে ওই চুক্তির বিরোধিতা করে বিক্ষোভকারীরা। তাদের দাবি পুরোপুরিভাবে বেসামরিক রাজনৈতিক শাসন। এই দাবিতেই দেশটিতে আন্দোলন অব্যাহত ছিল।  

আরও পড়ুন: ২৩ জানুয়ারি পর্যন্ত মায়ের কাছে থাকবে দুই জাপানি শিশু

এর আগে ২০১৯ সালে ব্যাপক বিক্ষোভের মুখে দীর্ঘদিনের সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির ক্ষমতাচ্যুত হন।  


একাত্তর/আরবিএস