চলতি বছরের শুরু থেকেই ভারতে ওমিক্রনের প্রভাবে আবারও বাড়তে শুরু করে
করোনার সংক্রমণ। প্রতিদিনই নতুন শনাক্ত ও সংক্রমণের হার একটু একটু করে বাড়ছে।
অবশেষে সেই ধারায় ছেদ পড়েছে। রোববারের তুলনায় সোমবার দৈনিক সংক্রমণ পাঁচ শতাংশ কমেছে, কিন্তু বেড়েছে সংক্রমণের হার।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের হিসাবে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে দুই লাখ ৫৮ হাজার ৮৯ জন করোনা আক্রান্ত হয়েছেন, যা আগের দিনের তুলনায় বেশ কিছুটা কম।
তবে একই সঙ্গে বেড়েছে দৈনিক সংক্রমণের হার এবং মৃত্যুর সংখ্যা। দৈনিক সংক্রমণের হার ছিল ১৬.২৮ শতাংশ। যা সোমবার বেড়ে হয়েছে ১৯.৬৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ভারতে ৩৮৫ জনের মৃত্যু হয়েছে। যা আগের দিনের তুলনায় বেশি। রোববার সেই সংখ্যা ছিলো ৩১৪। এতে মোট মৃত্যু দাঁড়ালো চার লক্ষ ৮৬ হাজার ৪৫১ জনে।
ভারতে এখন পর্যন্ত মোট তিন কোটি ৭৩ লাখ ৮০ হাজার ২৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী মোট আক্রান্তের ৪.৪৩ শতাংশ বর্তমানে আক্রান্ত।
আরও পড়ুন: বাঘের শেষকৃত্যে মানুষের শ্রদ্ধা
বর্তমানে ভারতে মোট সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ১৭ হাজার ৮২০ জন। করোনায় সুস্থতার হার ৯৪.২৭ শতাংশ, যা জানুয়ারির প্রথম দিকেও ৯৭ শতাংশের উপরে ছিল।
নতুন রোগীর সংখ্যা কমায় দেশটির সরকার কিছুটা আশার আলো দেখছেন। কারণ, দেশটির বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন, সংক্রমণ যেভাবে বাড়ছে তা আরো ভয়ংকর হবে।
তাদের হিসাবে যে হারে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে, তাতে জানুয়ারির শেষ নাগাদ দৈনিক শনাক্তের সংখ্যা ১০ লাখে পৌঁছাতে পারে।
এদিকে, ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা আট হাজার ২০৯ জন, যার মধ্যে তিন হাজার ১০৯ জন এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন।
তবে ওমিক্রন আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা এক হাজার ৭৩৮ জন। এরপরই রয়েছে পশ্চিমবঙ্গে আক্রান্ত এক হাজার ৬৭২ জন।
একাত্তর/এসএ