ইলন মাক্সের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স-এর উৎক্ষেপিত একটি রকেট শিগগিরই চাঁদের সাথে সংঘর্ষে ধ্বংস হবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে জ্যোতির্বিদ জোনাথন ম্যাকডাওয়েল বলেন, আগামী ৪ মার্চ রকেটটির চাঁদের সাথে সংঘর্ষ হতে পারে। এটি হবে চাঁদের সাথে পৃথিবীর কোনো বস্তুর প্রথম অনিয়ন্ত্রিত সংঘর্ষ। তবে পৃথিবীর ওপর এর প্রভাব খুব সামান্য হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।
ফ্যালকন ৯ নামের বুস্টার রকেটটি ২০১৫ সালে উৎক্ষেপণ করা হয়। প্রায় এক মিলিয়ন মাইলের যাত্রা সম্পন্ন করে রকেটটি একটি আবহাওয়া পর্যবেক্ষণকারী স্যাটেলাইট মহাকাশে স্থাপন করে।
তবে যাত্রা শেষে পৃথিবীতে ফিরে আসার মতো যথেষ্ট জ্বালানি না থাকায় মহাকাশেই উদ্দেশ্যহীনভাবে ঘুরছে ফ্যালকন ৯। তখন থেকে পৃথিবী, চাঁদ ও সূর্যের অভিকর্ষ বলের প্রভাবে এলোমেলোভাবে ঘোরাফেরা করছে এটি।
আরও পড়ুন: ছায়াপথে নতুন অজানা বস্তুর সন্ধান
এর আগে গত ৫ জানুয়ারি রকেটটি চাঁদের খুব কাছ ঘেঁষে চলে গিয়েছিল। তবে সেবার সংঘর্ষ এড়িয়ে যায় এটি।
প্রায় চার টন ওজনের খালি ধাতব ট্যাঙ্কের গায়ে লাগানো রয়েছে একটি রকেট ইঞ্জিন। এটি ঘণ্টায় প্রায় পাঁচ হাজার মাইল বেগে চাঁদের গায়ে আছড়ে পড়বে। সংঘর্ষের পর রকেটটি চাঁদের গায়ে ছোটখাটো একটি গর্ত তৈরি করবে।
একাত্তর/এসজে