লন্ডনে বাংলাদেশী বংশোদ্ভূত স্কুলশিক্ষক সাবিনা নেসার খুনি কচি সেলামাজকে ৩৬ বছরের কারাদণ্ড দিয়েছে ব্রিটেনের একটি আদালত।
শুক্রবার (৮ এপ্রিল) ওল্ড বেইলি আদালতের বিচারক সুইনি এ রায় দিয়ে কচি সেলামাজের বর্বর হত্যাকাণ্ডকে যৌন উদ্দেশ্যপ্রবণ বলে উল্লেখ করেন।
গত বছরের ১৭ সেপ্টেম্বর লন্ডনের কিডব্রুক পার্ক এলাকায় খুন হন ২৮ বছর বয়সী স্কুলশিক্ষক সাবিনা নেসা। এর প্রায় একদিন পর পার্কের একটি কমিউনিটি সেন্টারের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাবিনার মাথায় পরপর ৩৪ বার আঘাত করার পর তাকে তুলে নিয়ে যান সেলামাজ। তিনি এতো জোরে আঘাত করছিলেন যে তার ব্যবহৃত ধাতব বস্তুটির কিছু অংশ ভেঙে যায়।
এরপর সাবিনার কিছু কাপড়চোপড় অপসারণ করে তার মরদেহ লুকিয়ে ফেলার পর ভাঙা ধাতব টুকরা সরিয়ে জায়গাটি পরিষ্কার করে ফেলেন তিনি।
আরও পড়ুন: প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি পাচ্ছে মার্কিনরা
বিচারের রায়ে বলা হয়, স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর তার কাছে প্রত্যাখ্যাত হয়ে সেলামাজ যেকোনো একজন নারীকে আক্রমণের উদ্দেশ্যে ইস্ট সাসেক্স থেকে লন্ডনে যান।
নিহত সাবিনা নেসা ক্যাটফোর্ডে রাশি গ্রিন প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন।
একাত্তর/এসজে