ফিলিপাইনে গ্রীষ্মমন্ডলীয় ঝড় মেগির প্রভাবে সৃষ্ট ভূমিধস ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬৭ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১১০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেণ উদ্ধারকর্মীরা।
ফিলিপাইন ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কাউন্সিলের বরাতে শনিবার (১৬ এপ্রিল) দ্য স্টেটসম্যান জানিয়েছে, মধ্য ফিলিপাইনে ১৬৪ জন মারা গেছে এবং দক্ষিণ ফিলিপাইনে তিনজন মারা গেছে।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রদেশগুলো থেকে তথ্য সংগ্রহ করে সংস্থাটি আরও জানায়, মধ্য ফিলিপাইনে এখনও কমপক্ষে ১১০ জন নিখোঁজ রয়েছে।
এদিকে শুক্রবার, ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে বিধ্বস্ত প্রদেশ পরিদর্শন করেন এবং দুর্গত মানুষের কাছে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
কর্তৃপক্ষ বলছে, চলতি বছর দ্বীপ রাষ্ট্রটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় মেগি। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। দেশটিতে প্রাকৃতিক দুর্যোগে হাজার হাজার লোক বিভিন্ন আশ্রয় কেন্দ্রে চলে যেতে বাধ্য হন।
গেলো ১০ এপ্রিল দেশটিতে মেগি আঘাত হানার আগে ও পরে ঝড়টির প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হয়। এতে অনেক এলাকা প্লাবিত হয়। লেইতে প্রদেশের বেবে নগরী ও আবুযোগ শহরে বেশ কয়েকটি অঞ্চলে ভূমিধসের ঘটনা ঘটে।
ঝড়বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় অসংখ্য ঘরবাড়ি পানিতে ডুবে যায়, ফসলের মাঠ প্লাবিত হয়, সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায় এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থানের কারণে ফিলিপাইন বিশ্বের সবচেয়ে দুর্যোগ-প্রবণ দেশগুলোর একটি।
একাত্তর/আরবিএস