ঈদের আগের রাতে রাজস্থানে পতাকা নিয়ে সংঘর্ষ

ঈদ উল ফিতরের আগের রাতে রাজস্থানের যোধপুরে ধর্মীয় পতাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চার পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনার জেরে শহরে সাময়িকভাবে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, সোমবার রাতে যোধপুরের জালোরি গেট এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় পুলিশ জানায়, মুসলমানরা ঈদ উপলক্ষে কিছু যায়াগায় পতাকা লাগাচ্ছিলেন, এ সময় তারা মুক্তিযোদ্ধা বালমুকুন্দ বিসার মূর্তির পাশের গোলচত্বরে একটি পতাকা লাগান। পরে জোরপূর্বক বেশ কয়েকটি পতাকা অপসারণ করা হয়। ধারণা করা হচ্ছে বিজেপি'র কর্মী-সমর্থকরাই জোরপূর্বক পতাকা অপসারণ করেছে।  

সংবাদ সংস্থা এএনআই জানায়, এ ঘটনায় মঙ্গলবার তিনজনকে আটক করা হয়েছে।

তবে রাজস্থান পুলিশ এখনও বিরোধের সঠিক কারণ স্পষ্ট করতে পারেনি।

যোধপুরের পুলিশ কমিশনার নভজ্যোতি গগৈ বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, পুলিশ কর্মীরা সামান্য আহত হয়েছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। 

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট মঙ্গলবার সংঘর্ষের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে ডিজিপি এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে একটি উচ্চ-পর্যায়ের বৈঠকের আহ্বান জানিয়েছেন। 


একাত্তর/আরবিএস