করোনায় বিশ্বজুড়ে দৈনিক শনাক্ত ও মৃত্যু বেড়েছে

করোনায় বিশ্বজুড়ে আরও বেড়েছে দৈনিক মৃত্যু ও শনাক্ত। গেলো ২৪ ঘণ্টায় বিশ্বে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দুই হাজার ২১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে দেড় শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৪৪ হাজার ৪৭২ জনে।

অন্যদিকে একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন সাত লাখ ৬৪ হাজার ৩৩ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগী বেড়েছে প্রায় ৬৭ হাজার। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ কোটি ১৯ লাখ ২৮ হাজার ৯১৪ জনে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে সর্বশেষ এ তথ্য পাওয়া গেছে। 

গেলো গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এদিন দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ৯৬ হাজার ৭৩২ জন এবং মারা গেছেন ২৫০ জন। 

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৯৬ জন এবং মারা গেছেন ৪০৬ জন। 

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে এদিন মারা গেছেন ২৫৪ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৯৩৫ জন। 

এছাড়া ফ্রান্সে আক্রান্ত ২৭ হাজার ৮১ জন এবং মৃত্যু ৮৮। দক্ষিণ কোরিয়ায় নতুন আক্রান্ত এক লাখ ৫১ হাজার ৭৩৪ জন এবং মারা গেছেন ৫০ জন। ইতালিতে আক্রান্ত ৩১ হাজার ৬৯৯ এবং মৃত্যু ১৪৫। 

আরও পড়ুন: সুইস ব্যাংকে নির্দিষ্ট করে কারো তথ্য চায়নি বাংলাদেশ

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৩ হাজার ৭৭১ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৮৭ লাখ ৭০ হাজার ৬৫৭ জন এবং মৃত্যু হয়েছে তিন লাখ ৮২ হাজার ৯০২ জনের। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


একাত্তর/আরবিএস