ভারতে ছড়িয়ে পড়ছে 'টমেটো ফ্লু' , ঝুঁকিতে শিশুরা

'টমেটো ফ্লু' নামের একটি ভাইরাসজনিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে ভারতে। এ পর্যন্ত ভাইরাসটিতে শতাধিক শিশু আক্রান্ত হয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, এরইমধ্যে বেশ কয়েকটি রাজ্যে ছড়িয়ে পড়েছে এ রোগ।  

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বুধবার এক প্রতিবেদনে জানায়, আক্রান্তদের মধ্যে ৯ বছরের কম বয়সী শিশুর সংখ্যায় বেশি। 

অন্যদিকে এনডিটিভি জানায়, মঙ্গলবার দেশটির সব রাজ্যে টমেটো ফ্লু বিষয়ক একটি নির্দেশনা পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। 

ওই নির্দেশনায় বলা হয়েছে, এই রোগ হাত, পা এবং মুখের রোগের (এইচএফএমডি) একটি রূপ বলে মনে করা হচ্ছে। জ্বর, মাথা ব্যথা, চুলকানি, স্ক্রিন র‌্যাশের মতো উপসর্গ দেখা দিতে পারে এ রোগে। তবে এ ধরনের উপসর্গের সঙ্গে করোনা, মাঙ্কিপক্স, ডেঙ্গু বা চিকনগুনিয়ায় সম্পর্ক নেই।

এটি মূলত ১০ বছরের কম বয়সী শিশুদের মধ্যে দেখা দেয়। তবে এটি প্রাপ্তবয়স্কদেরও হতে পারে। 

এর আগে গত মে মাসের প্রথম দিকে ভারতের দক্ষিণাঞ্চলের কেরালা রাজ্যে প্রথম টমেটো ফ্লু আক্রান্ত রোগী শনাক্ত হয়। পরে তামিলনাড়ু, হরিয়ানা এবং ওড়িশাতেও দেখা মেলে এ ভাইরাসে আক্রান্ত রোগীর।

আরও পড়ুন: ভয়াবহ বন্যার কবলে পাকিস্তান, এ পর্যন্ত ৯০৩ জনের মৃত্যু

চিকিৎসকরা টমেটো ফ্লু আক্রান্ত রোগীদের কোয়ারেন্টিনে রাখার পরামর্শ দিয়েছেন এবং তাদের ব্যবহৃত বাসনপত্র ও পোশাক জীবাণুমুক্ত করার ওপর জোর দিয়েছেন। সাধারণত শিশুদের অপরিষ্কার পোশাক, অপরিচ্ছন্ন জায়গায় থাকা বা হাত না ধুয়ে খাবার খাওয়ার মতো বিষয়গুলো থেকে এটা ছড়াতে পারে।


একাত্তর/আরবিএস