চার্লসকে রাজা ঘোষণা করলো কানাডাসহ তিন দেশ

চার্লস ফিলিপ আর্থার জর্জকে আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণা করেছে কানাডা। দেশটিতে ব্রিটিশ রাজার প্রতিনিধি ও কানাডার গভর্নর জেনারেল এক অনুষ্ঠানের মাধ্যমে তৃতীয় চার্লসকে আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণা করে দেশটি।

মন্ত্রিসভার বৈঠকের পর নতুন এ ঘোষণার একটি আদেশে সই করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত বৃহস্পতিবার রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাজ্য, কানাডাসহ ১৪টি দেশের রাষ্ট্রপ্রধান হয়ে যান চার্লস। 

এদিকে রানির মৃত্যুতে ১০ দিনের দীর্ঘ শোক ঘোষণা করেছে কানাডা। কানাডা ১৮৬৭ সালে ব্রিটেনের উপনিবেশ থেকে মুক্ত হলেও ১৯৮২ সাল পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিলো। দেশটিতে কমনওয়েলথের সদস্য দেশগুলোর প্রধান হিসাবে রয়েছেন ব্রিটিশ রাজা।

রানী দ্বিতীয় এলিজাবেথের জ্যেষ্ঠ সন্তান তৃতীয় চার্লসকে আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও। রোববার এই দুই দেশে চার্লসকে রাজা হিসেবে ঘোষণা করে।

এদিন ক্যানবেরায় পার্লামেন্ট হাউসে চার্লস তৃতীয়কে দেশটির রাষ্ট্রপ্রধান হিসাবে ঘোষণা করেন ব্রিটিশ রাজার প্রতিনিধি, অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল ডেভিড হারলি। এ সময় ২১ বার গান স্যালুট দেয়া হয়। 

আরও পড়ুন: ২১ বছরেও শেষ হয়নি আমেরিকার সন্ত্রাসবিরোধী যুদ্ধ

অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ছাড়াও ব্রিটেনের বাইরে ১৪টি দেশের রাষ্ট্রপ্রধান ব্রিটিশ রাজা। এর আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানান, প্রয়াত রানীর স্মরণে ২২শে সেপ্টেম্বর শোক দিবস পালন করা হবে। এদিন সরকারি ছুটি ঘোষণা কর হয়েছে।

এদিকে ওয়েলিংটনের পার্লামেন্টে তৃতীয় চার্লসকে রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করে নিউজিল্যান্ড। এ সময় দেয়া বক্তব্যে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, রানীর মৃত্যুর পর এ অনুষ্ঠানের মধ্যদিয়ে রাজা চার্লসকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে নেয়া হলো। জেসিন্ডা বলেন, দায়িত্ব নিয়েই রাজা চার্লস তার নাগরিকদের প্রতি গভীর যত্নের বহিঃপ্রকাশ করেছেন।

একাত্তর/এসজে