গ্রিসের লেসবস দ্বীপের উপকূলে এজিয়ান সাগরে অভিবাসীদের বহনকারী দু'টি আলাদা নৌকা ডুবে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। নিখোঁজদের সন্ধানে চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।
বার্তা সংস্থা এপি জানায়, বৃহস্পতিবার ভোররাতের দিকে লেসবসের পূর্ব দ্বীপে ও বুধবার কিথিরা দ্বীপের কাছে এসব নৌকাডুবির ঘটনা ঘটে।
উপকূলরক্ষীরা জানিয়েছে, লেসবসের পূর্ব দ্বীপের কাছে বৃহস্পতিবার প্রায় ৪০ জনকে বহনকারী একটি নৌকা ডুবে যায়। এ সময় বেশ কয়েকজ নিখোঁজ হয়। পরে ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে বুধবার গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিথিরার কাছে অভিবাসন প্রত্যাশীদের আরেকটি নৌকা ডুবে যায়। প্রবল ঢেউয়ের তোড়ে পাথরে ধাক্কা খেয়ে নৌকাটি ডুবে যায়।
আরও পড়ুন: যুগপৎ আন্দোলন নিয়ে দ্বিতীয় দফা সংলাপে বিএনপি
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় ওই এলাকায় বাতাসের গতিবেগ ছিল ৭০ কিলোমিটার।
গ্রিস সরকার বলছে, নিখোঁজদের উদ্ধারে এরইমধ্যে কাজে মেনেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে প্রবল বাতাসের কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে।
কোস্টগার্ডের একটি জাহাজ ও বিমানবাহিনীর একটি হেলিকপ্টার উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।
একাত্তর/আরবিএস