এবার কানাডার আকাশে রহস্যময় বেলুন

যুক্তরাষ্ট্রের পর কানাডার আকাশেও একটি রহস্যময় বেলুন দেখা গেছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে। 

বলা হয়, মার্কিন কর্মকর্তারা মোন্টানার আকাশে নজরদারি বেলুন দেখতে পাওয়ার পর তারাও একই রকম একটি নজরদারি বেলুনের সন্ধান পেয়েছেন। অতি উচ্চতায় থাকা বেলুন শনাক্তের পর গতিবিধি পর্যবেক্ষণ করছে আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড। আকাশ নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা নিশ্চিত গুরুত্বপূর্ণ অবকাঠামোতে গোয়েন্দা নজরদারি করতে চীন এই বেলুন পাঠিয়েছে।

তবে, বেলুনের জন্য এখনও সরাসরি চীনকে দোষারোপ করেনি কানাডা। তারা শুধু জানিয়েছে, এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে অব্যাহত যোগাযোগ রাখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, তাদের আকাশে উড়তে থাকা বেলুনটি গুলি করে ভূপাতিত করার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেনা কর্মকর্তারা এটি বারণ করেন।

পেন্টাগন স্থানীয় সময় বৃহস্পতিবার জানায়, মন্টোনায় একটি রহস্যময় বেলুনের দেখা পেয়েছেন তারা। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা দাবি করেন, এটি চীনের গোয়েন্দা নজরদারি বেলুন।