বুরকিনা ফাসোয় সামরিক চৌকিতে হামলায় ৩৩ সেনা নিহত

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় একটি সামরিক চৌকিতে অতর্কিত সন্ত্রাসী হামলায় অন্তত ৩৩ সেনা সদস্য নিহত ও আরও ১২ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার সকালে বুরকিনা ফাসোর ওগারউয়ের একটি সামরিক পোস্ট লক্ষ্য করে এ হামলাটি চালানো হয়। খবর: আলজাজিরা। 

একে বড় ধরনের হামলা বলে উল্লেখ করে দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, বিশেষ সেনাদল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এ ঘটনা ঘটে। তবে সেখানে অন্তত ৪০ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়। আহত সেনাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে।

গত ৭ বছর ধরে সশস্ত্র জিহাদি গোষ্ঠী, আল কায়েদা এবং আইএসের সঙ্গে লড়াই করছে বুরকিনা ফাসোর সেনাবাহিনী। দেশটিতে জঙ্গি ও সেনাদের লড়াইয়ের কবলে পড়ে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। বিভিন্ন সময় সন্ত্রাসী হামলায় প্রচুর মানুষ প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ।

ঘটনা পরিক্রমায় বুরকিনা ফাসোর সশস্ত্র বাহিনী বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগেও অভিযুক্ত হয়েছে। সামরিক নেতৃত্ব এই মাসের শুরুর দিকে নিরাপত্তা বাহিনী কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের তদন্তও শুরু করেছে।

বুরকিনা ফাসোয় চলমান সহিংসতা দেশটির সামরিক বাহিনীতেও ক্ষোভের জন্ম দিয়েছে। ২০২২ সালে দেশটিতে পরপর দুইটি অভ্যুত্থানের ঘটনা ঘটে। দেশের এক-তৃতীয়াংশ অঞ্চল সরকারি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রগামী তেলের ট্যাংকার জব্দ করেছে ইরান

গত তিনদিন আগেও উত্তর বুরকিনা ফাসোয় সামরিক পোশাক পরে হামলার ঘটনা ঘটে। এতে ৬০ জন বেসামরিক মানুষ নিহত হন। তবে জাতিসংঘের তথ্যমতে, ওই ঘটনায় বেসামরিক মানুষের প্রাণহানির সংখ্যা আনুমানিক ১৫০ জন।


একাত্তর/জো