নিউজার্সির রেস্তোরাঁ চালু করলো ‘মোদীজি থালি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরামিষভোজী। ডিম ও দুধ খেলেও অন্য কোনো প্রোটিন খান না। আর মোদীর এমন খাদ্যাভ্যাস গোটা দুনিয়াতেই বেশ জনপ্রিয়। মোদীর আহারে কি ধরনের খাবার থাকে তা এখন অনেকটাই জানা, মানুষের কাছে।

নরেন্দ্র মোদীর সেই সব খাবারের স্বাদ মানুষকে দিতে উদ্যোগী হয়েছে আমেরিকার নিউ জার্সির এক রেস্তোরাঁ। তারা ‘মোদীজি থালি’ নামে বিশেষ এক পদ চালু করেছে। সেই থালি সাজানো হবে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রিয় সব খাবার দিয়ে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ খবর দিয়েছে।

চলতি মাসের ২১ তারিখে চার দিনের রাষ্ট্রীয় সফরে আমেরিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে বক্তৃতা দেওয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে এক রাষ্ট্রীয় নৈশভোজেও অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী।

সেই সফরকে সামনে রেখেই নিউজার্সি শহরের এক রেস্তোরাঁ চালু করলো ‘মোদীজি থালি’। এই বিশেষ থালিটি ভারতীয়-মার্কিন রন্ধনশিল্পী শ্রীপদ কুলকার্নি তৈরি করেছে। থালিতে থাকছে সর্ষে শাক, কাশ্মীরি আলুর দম, ইডলি, ধোকলা, ছাঁস, খিচুড়ি, রসগোল্লা ও পাপড়।

কুলকার্নি জানান, নিউজার্সিতে ভারতীয়দের চাহিদা মেনেই এই থালি তৈরি করেছেন। শুধু তাই নয়, ভারতের আবেদন মেনে জাতিসংঘ যে ২০২৩ সালটিকে ‘আন্তর্জাতিক বাজরা বছর’ হিসেবে ঘোষণা করেছে, সেই বিষয়টিকেও এই থালিতে উদযাপন করা হয়েছে।


থালিতে বাজরার তৈরি খাবার অন্তর্ভুক্ত করা হয়েছে। এএনআই-এর প্রকাশ করা এক ভিডিওতে দেখা যাচ্ছে, সেখানকার ভারতীয়-মার্কিন বাসিন্দাদের কয়েকজন সদস্য জানিয়েছেন, থালিটির সব খাবারই অত্যন্ত সুস্বাদু আর ঐতিহ্যবাহী বৈচিত্র্যময় ভারতীয় খাদ্যপদ।

রেস্তোরাঁ মালিক জানান, প্রধানমন্ত্রী মোদী আসার আগেই মোদীজি থালি চালু হবে। এরপর চালু হবে জয়শঙ্কর থালি। ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে উৎসর্গ করেই সেটি চালু হবে। আমেরিকায় জয়শঙ্কর একজন ‘রকস্টার’-এর সম্মান পান।

আরও পড়ুন: কফিনের ভেতর থেকে বৃদ্ধা বললেন ‘আমি বেঁচে আছি’

তাই, তার সেই জনপ্রিয়তাকে কাজে লাগাতে তাঁর নামেও একটি বিশেষ থালি তৈরির পরিকল্পনা করা হচ্ছে। এর আগে, ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর তাঁর জন্মদিনের আগে, দিল্লির এক রেস্তোরাঁ ‘৫৬ ইঞ্চি মোদীজি থালি’ নামে একটি থালি তৈরি করেছিলো।


একাত্তর/আরএ