বাংলাদেশের খুলনা থেকে কলকাতাগামী বন্ধন এক্সপ্রেসে ট্রেনে আবারও আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার বিকালের দিকে ওই ট্রেনট্রি সীমান্ত পার করে ভারতীয় অংশে প্রবেশ করার পর গোবরডাঙ্গা রেল স্টেশনে ঢোকার ঠিক আগে এ ঘটনা ঘটে।
আগুনের খবর পেয়ে রেলের কর্মকর্তা ও প্রকৌশলীরা ঘটনাস্থলে এসে অগ্নিনির্বাপক সিলিন্ডার ও গ্যাস দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় ২০ মিনিট গোবরডাঙ্গা স্টেশনে দাঁড়িয়ে থাকার পর ট্রেনটি কলকাতা স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোবরডাঙ্গা রেল স্টেশনে ঢোকার আগে হঠাৎ করে পিছনের জেনারেটর কামরা থেকে আগুন বের হতে থাকে। তড়িঘড়ি ট্রেনটি স্টেশনে দাঁড় করানো হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চাকার ব্রেকশু থেকে আগুন লাগে এবং তা থেকেই ধোঁয়া ছড়িয়ে পড়ে। ট্রেনটি গোবরডাঙ্গা স্টেশনে ঢুকতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনের ভিতরে থাকা যাত্রীদের মধ্যে।
আরও পড়ুন: ধেয়ে আসছে 'বিপর্যয়', প্রস্তুত ভারত-পাকিস্তান
এ নিয়ে একমাসের মধ্যে দ্বিতীয়বারের মতো বন্ধন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। এর আগে গত ২৮ মে ট্রেনটিতে আগুন লাগে।
একাত্তর/এসজে