মেক্সিকোতে সাংবাদিককে গাড়ির ভেতর গুলি করে হত্যা

মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোতে এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম। 

শনিবার বিকেল তিনটার দিকে উপকূলীয় শহর আকাপুলকোর উত্তরে এমিলিয়ানো জাপাতার আশেপাশে এই ঘটনা ঘটে। 

মেক্সিকান সংবাদপত্র এল ইউনিভার্সাল জানিয়েছে, স্থানীয় নিউজ সাইট লো রিয়াল ডি গুয়েরেরোর পরিচালক নেলসন মাতুসকে একটি দোকানের পার্কিং লটে তার গাড়িতে গুলি করা হয়।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদপত্র রিফর্মা জানিয়েছে, মাতুস ২০১৭ এবং ২০১৯ সালে দুটি হত্যাচেষ্টা থেকে বেঁচে গিয়েছিলেন।

মেক্সিকান সংবাদপত্র লা জর্নাদার সাংবাদিক লুইস মার্টিন সানচেজের মৃতদেহ উদ্ধার হওয়ার এক সপ্তাহ পরে মাতুসকে হত্যার ঘটনা ঘটলো। 

গুয়েরেরো রাজ্যের অ্যাটর্নি জেনারেলের অফিসকে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও তারা তাৎক্ষনিক সাড়া দেয়নি।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ায় বন্যায় ডুবে যাওয়া টানেলে সাত মরদেহ

মেক্সিকোতে দুর্নীতি, অপরাধ এবং ড্রাগ কার্টেলের তদন্ত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। মিডিয়া ওয়াচডগ রিপোর্টার্স উইদাউট বর্ডারস অনুসারে, গত বছর মেক্সিকো সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে মারাত্মক দেশ ছিল।


একাত্তর/এসজে