নাইজেরিয়ায় দুর্ঘটনা কবলিত জ্বালানিবাহী ট্রাক থেকে তেল সংগ্রহের সময় বিস্ফোরণ ঘটে আটজনের মৃত্যু হয়েছে।
রোববার রাতে দেশটির দক্ষিণ-পশ্চিমে ওন্ডো রাজ্যে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। খবর: আলজাজিরা।
সোমবার এক বিবৃতিতে নাইজেরীয় পুলিশ জানিয়েছে, রোববার রাতে ওন্ডো রাজ্যের পাশেই জ্বালানীবাহী একটি ট্রাক দুর্ঘটনায় সড়ক থেকে ছিটকে খাদে পড়ে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি থেকে এ সুযোগে স্থানীয়রা তেল সংগ্রহ করতে যায়। আর তখনই ট্রাকটিতে বিস্ফোরণ ঘটে।
ওন্ডো রাজ্য পুলিশের মুখপাত্র ফুমিলায়ো ওদুনলামি-ওমিসানিয়া জানান, মর্মান্তিক এই দুর্ঘটনায় আটজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
আরও পড়ুন: ক্রিমিয়ায় রুশ গোলাবারুদ ডিপোতে ড্রোন হামলা
নাইজেরিয়ায় জ্বালানিবাহী ট্রাকে বিস্ফোরণ একটি সাধারণ ঘটনা। দেশটিতে পর্যাপ্ত রেল অবকাঠামো না থাকায় সরাসরি সড়কপথে জ্বালানি সরবরাহ করতে হয়। দুর্বল সড়ক যোগাযোগ ব্যবস্থার কারণে প্রায়শ দুর্ঘটনায় জ্বালানিবাহী ট্রাকে বিস্ফোরণ ঘটে।
একাত্তর/জো