সিরিয়ার পূর্বাঞ্চলে একটি সামরিক যানে হামলায় দেশটির কমপক্ষে ২৩ সৈন্য নিহত হয়েছে। এ ভয়াবহ হামলার ঘটনায় সরকার ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের জিহাদিদের দায়ী করেছে।
বৃহস্পতিবার দিয়ার ইজোর প্রদেশে এ হামলার ঘটনা ঘটে বলে শুক্রবার সিরীয় যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এ কথা জানিয়েছে। খবর: এএফপি।
ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ জানায়, দিয়ার ইজোর প্রদেশে বৃহস্পতিবার সেনাবাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায় আইএস জঙ্গিরা। ওই অঞ্চলে আবারও সক্রিয় হয়ে উঠছে আইএস।
সংস্থাটি জানায়, এ হামলায় ২৩ সৈন্য নিহত এবং আরও ১০ জন আহত হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানানো হয়।
সংস্থাটি আরও জানায়, এখনও আরও বেশ কয়েকজন সেনা নিখোঁজ রয়েছে। ২০১৯ সালে সিরিয়ার শেষ ভূখণ্ড হাতছাড়া হয়ে যাওয়ার পরেও আইএস বিস্তীর্ণ মরুভূমিতে গোপন আস্তানায় এখনো সক্রিয় রয়েছে। মূলত সেখান থেকেই তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে।
আরও পড়ুন: চীনের হেবেই প্রদেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৯
সাম্প্রতিক সময়ে সিরিয়ার উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি হামলা অনেকগুণ বেড়ে গেছে। এর আগে চলতি সপ্তাহের শুরুতে আইএসের হামলায় সিরিয়ার রাকা প্রদেশে ১০ সেনা নিহত হয়।
একাত্তর/জো