ভারী বর্ষণে ভারতের সিকিমে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। রাজ্যটির তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর সেই পানিতেই পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ভেসে এসেছিলো মর্টার শেল, যা বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ছয়জন।
বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি জেলার মাল মহকুমার ক্রান্তি ব্লকের চাঁপাডাঙায় এ ঘটনা ঘটেছে। খবর আনন্দবাজার ও হিন্দুস্থান টাইমসের।
জলপাইগুড়ি জেলার ডিএসপি (ক্রাইম) বিক্রমজিৎ লামা বলেন, এ রকম একটা ঘটনা ঘটেছে। দুইজনের মৃত্যু হয়েছে। তবে এখনই তাদের নাম বা পরিচয় নিশ্চিত করা যায়নি। গুরুতর আহত হয়েছেন ছয়জন। তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ঘটনার তদন্ত করছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিস্তায় পানিতে সেনা ছাউনির মর্টার শেল ভেসে এসেছিল জলপাইগুড়িতে। এসময় নদীতে মাছ ধরতে গিয়ে মর্টার শেল পায় এক কিশোর। পরে সেটি বাড়ি নিয়ে যায় সে। বাড়িতে হঠাৎ করে সেটি বিস্ফোরিত হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুইজনে। আহত হন অন্তত ছয়জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের।
এর আগে বুধবার সিকিম ও পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চলে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তিস্তা। ভেসে গেছে অনেক সেনা ছাউনি। সেই রকমই কোনো সেনা ছাউনির মর্টার শেল জলপাইগুড়িতে ভেসে এসেছিল বলে ধারণা পুলিশের।