গাজার আকাশে উড়ছে মার্কিন ড্রোন

অবরুদ্ধ গাজা উপত্যকার আকাশে উড়ছে যুক্তরাষ্ট্রের নজরদারি ড্রোন। ওয়াশিংটনের দাবি, গাজার নির্বাচিত সরকার হামাসের হাতে বন্দি মার্কিন নাগরিকদের সন্ধানে চালানো হচ্ছে এ ড্রোন নজরদারি।  

শুক্রবার দু'জন মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। 

এক মার্কিন কর্মকর্তা জানান, এক সপ্তাহের বেশি সময় ধরে গাজায় ড্রোন নজরদারি চালাচ্ছে যুক্তরাষ্ট্র।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, ১০ মার্কিন নাগরিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। গাজায় হামাসের হাতে বন্দি থাকা দুই শতাধিক লোকের তারাও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

অনেকের ধারণা, এসব বন্দিকে গাজায় হামাসের বিস্তৃত সুড়ঙ্গ নেটওয়ার্কে বন্দি রাখা হয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছে না ইসরাইল ও তার মিত্ররা। 

গেলো ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় গাজার নির্বাচিত সরকার হামাস। জবাবে গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইল।   

ইসরাইলি হামলায় গাজায় এখন পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছে। আহত ২০ হাজার ছাড়িয়েছে। 

রাশিয়া, ইরান, চীনসহ জাতিসংঘের অধিকাংশ দেশ গাজায় ইসরাইলি হামলা বন্ধের দাবি জানিয়ে আসছে। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো গাজায় যুদ্ধবিরতির বিপক্ষে অবস্থান নিয়েছে।