পরমাণু অস্ত্র পরীক্ষায় নিষেধাজ্ঞা থেকে সরে গেলো রাশিয়া

পরমাণু অস্ত্র পরীক্ষার নিষেধাজ্ঞা চুক্তি থেকে এবার পুরোপুরিভাবে সরে এলো রাশিয়া। কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি (সিটিবিটি) চুক্তি বাতিল করেছে মস্কো।

আল জাজিরার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়ে একটি আইনে সই করেছেন।

মস্কো বলছে, এই আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র টালবাহানা করছে। সেজন্যই রাশিয়া এ চুক্তি থেকে সরে এলো। 

এর আগে গেলো মাসে রাশিয়ার পার্লামেন্ট এই চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত অনুমোদন করেছিল।

এ বিষয়ে পুতিন বলেন, রাশিয়ার এই চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত আসলে যুক্তরাষ্ট্রের সামনে আয়না ধরার মতো।

মস্কো ১৯৯৬ সালে কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান ট্রিটি (সিটিবিটি) ঘোষণা করেছিল। নতুন করে আর পরমাণু অস্ত্র পরীক্ষা করা যাবে না এমনটাই ছিলো চুক্তির শর্ত। কিন্তু যুক্তরাষ্ট্র এই চুক্তি অনুমোদন করেনি। 

যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীন, ভারত, পাকিস্তান, ইসরাইল, মিশর, উত্তর কোরিয়া, ইরানও এই চুক্তি অনুমোদন করেনি।

পুতিন বলেন, রাশিয়ার বিজ্ঞানীরা আবারও পরমাণু অস্ত্র পরীক্ষা করতে চাইছেন। তবে সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। 

অন্যদিকে রুশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নতুন করে পরমাণু অস্ত্র পরীক্ষা না করলে রাশিয়াও করবে না।