নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত বেড়ে ১৬০

নাইজেরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোর ধারাবাহিক হামলায় দেশটির মধ্যাঞ্চলের একটি গ্রামে নিহতের সংখ্যা বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩০০ জন।  

স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাতে সোমবার একথা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।  

ধর্মীয় ও জাতিগত দ্বন্দ্বে জর্জরিত পশ্চিম আফ্রিকার এই দেশটির সেনাবাহিনী গত রোববার সন্ধ্যায় মাত্র ১৬ জন নিহত হওয়ার প্রাথমিক তথ্য দিয়েছিল। কিন্তু হতাহতের সংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে।

দেশটির মালভূমি রাজ্যের বোকোসের স্থানীয় সরকারের প্রধান মানডে কাসাহ সোমবার বার্তা সংস্থা এএফপি’কে জানান, শনিবার সকাল পর্যন্ত হামলা অব্যাহত থাকায় ১১৩ জনের মতো নিহত হওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

কাসাহ বলেন, সামরিক গ্যাং, স্থানীয়ভাবে ‘দস্যু’ নামে পরিচিত, ‘কম করে হলেও ২০টি ভিন্ন সম্প্রদায়ের’ মধ্যে ‘সুসমন্বিত’ আক্রমণ শুরু করে এবং বাড়িঘর পুড়িয়ে দেয়।

তিনি আরও বলেন,  আমরা তিনশ’ জনেরও বেশি আহত ব্যক্তিকে পেয়েছি যাদের বোকোস, জোস এবং বারকিন লাদির হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় রেড ক্রস প্রাথমিক হিসেবে বোক্কোস অঞ্চলের ১৮টি গ্রামে ১০৪ জনের মৃত্যুর খবর দিয়েছে।

রাজ্য পার্লামেন্টের সদস্য ডিকসন চোলোমের মতে, বারকিন লাদি এলাকার কয়েকটি গ্রামে অন্তত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

দেশটির নিরাপত্তা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান জানিয়ে বলেন, আমরা এই মৃত্যুর জন্য দায়ীদের কৌশলের কাছে নতি স্বীকার করব না। আমরা আমাদের ন্যায়বিচার এবং স্থায়ী শান্তির জন্য ঐক্যবদ্ধ।