তেল নিয়ে বিরোধের জের ধরে সুদানের আবেইতে বন্দুকধারীর গুলিতে নারী ও শিশুসহ ৫২ জনের মৃত্যু হয়েছে।
সুদান ও দক্ষিণ সুদানের বিরোধপূর্ণ আবেই অঞ্চলে এ ঘটনা ঘটে। সুদান ও দক্ষিণ সুদান এ ঘটনায় একে অপরকে দোষারোপ করছে।
সীমান্তে ভয়াবহ এ সহিংসতায় নারী ও শিশুসহ ৫২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৬৪ জন। মঙ্গলবার বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত শনিবার হামলা ও সহিংসতায় ঘটনা ঘটে। বর্তমান সেখানে ব্যাপক ভীতি ও আতঙ্ক বিরাজ করায় কারফিউ জারি করা হয়েছে।
সীমানা নিয়ে বিরোধে ২০২১ সাল থেকে সেখানে এই ধরনের হামলা চলছে। তবে সর্বশেষ হামলাটি ছিল সবচেয়ে মারাত্মক। সংঘর্ষে কোন উপজাতি গোষ্ঠী জড়িত ছিল তা এখনও জানা যায়নি।
এদিকে তেল সম্পদে সমৃদ্ধ আবেই অঞ্চলে ডিঙ্কা এবং নুয়ার জাতিগোষ্ঠীর মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে। দুই পক্ষের এই লড়াই ও গৃহযুদ্ধে হাজার হাজার মানুষের মৃত্যু এবং বাস্তুচ্যুত হয়েছেন।
উল্লেখ্য, আবেই অঞ্চলের মালিকানা নিয়ে সুদান এবং দক্ষিণ সুদানের মধ্যে বিরোধ রয়েছে। ২০১১ সালে সুদান থেকে স্বাধীনতা ঘোষণা করে আলাদা রাষ্ট্র হয় দক্ষিণ সুদান।