মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ৭ অক্টোবরের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নিতে হবে, অন্যথায় ইসরাইলের শক্তিশালী হিস্তাদ্রুত শ্রমিক ইউনিয়ন সরকারবিরোধী আন্দোলনে যোগ দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইউনিয়নের নেতা আরনোন বার-ডেভিড। একই সঙ্গে তিনি আগাম নির্বাচন দাবি করেছেন।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইসরাইলের দখলকৃত দক্ষিণের শহর বেরশেবাতে এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আরনোন বলেন, নেতানিয়াহু ইসরাইলের জন্য বিপর্যয় ডেকে এনেছেন। তাকে অবশ্যই আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, হিস্তাদ্রুত ইসরাইলের অর্থনীতির বিরাট অংশ বন্ধ করে দিতে সক্ষম; যদি নেতানিয়াহু এই বিপর্যয়ের দায় না নেন এবং আগাম নির্বাচন ঘোষণা না করেন তাহলে শ্রমিক সংগঠনটি নেতানিয়াহুর পতন আন্দোলনে যোগ দেবে।
আরনোন যুদ্ধবাজ নেতানিয়াহুকে সময় বেঁধে দিয়ে বলেন, নেতানিয়াহু ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চাইছেন এবং তিনি গাজার বন্দিদের মুক্ত করার ব্যাপারে চুক্তি করতে বাধা সৃষ্টি করছেন। এ ব্যাপারে এই সময়ের মধ্যে বন্দী মুক্তির বিষয়ে চুক্তি না হলে নেতানিয়াহুর পতন আন্দোলন শুরু হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এর আগে গেলো অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল।
এ আগ্রাসনে এখন পর্যন্ত ২৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়াও আহত ফিলিস্তিনির সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে।
বিশ্লেষকরা বলছেন, গাজায় চার মাসেরও বেশি সময় ধরে ইসরাইলি সেনাদের গণহত্যা চালিয়ে আসছে। এর প্রভাবে ইসরাইলের অভ্যন্তরেও সহিংসতার ঘটনা বাড়ছে। একইসাথে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে দখলদারদের অন্যান্য রাজনৈতিক দলগুলো।