সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশেই রোববার উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। তবে ওমানে চাঁদ দেখা না যাওয়ায় ১৭ জুন ঈদ উদযাপন হবে। এছাড়া যুক্তরাজ্যসহ ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে পালিত হচ্ছে হচ্ছে মুসলমানদের অন্যতম বড় এ ধর্মীয় উৎসব।
মক্কার কাবা শরিফ, মদিনার মসজিদে নববীসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরবে এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২০ লাখ মানুষ হজের সব আনুষ্ঠানিকতা শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেছেন।
সংযুক্ত আরব আমিরাতে ঈদের প্রধান জামাত দেশটির রাজধানী আবুধাবীর শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া দুবাই ও শারজাহ সহ দেশটির ৭টি প্রদেশে ভোর ৫টা ৪১ মিনিট থেকে ভোর ৫টা ৫০ মিনিট পর্যন্ত প্রধান প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজের পরই আমিরাত সরকারের অনুমোদন দেয়া নির্ধারিত স্থানে পশু কোরবানি করা হয়।
যথাযোগ্য মর্যাদায় মধ্যেপ্রাচ্যের দেশ কুয়েতেও পালিত হচ্ছে ঈদ। সবচেয়ে বড় ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়েছে দেশটির কুয়েত গ্র্যান্ড মসজিদে। এছাড়া বিভিন্ন দেশের প্রবাসীদের বড় ঈদ জামায়াত অনুষ্ঠিত হয় হাসাবিয়া বড় মসজিদে।
এবারও কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের অনুমতিতে বাংলাদেশি অধ্যুষিত এলাকার ২০টি মসজিদে বাংলা খুতবা পাঠ করেন বাংলাদেশি খতিবগণ।
এদিকে কাতারের রাজধানী দোহাতে ৬৭৫টি মসজিদে একই সাথে ঈদুল আজাহার নামাজ হয়। কাতারের এম এইচ এ্যান্ড এম স্কুল এবং কলেজ মাঠে ঈদের নামাজ আদায় করেন কাতারের নিযুক্ত রাষ্ট্রদূত নজরুল ইসলামসহ প্রবাসী বাংলাদেশিরা।
অন্যদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এবারো চলছে বিষণ্ন ঈদ। ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাও বিবর্ণ কাটছে গাজাবাসীর।
ইসরাইলি বাহিনীর হামলায় কেউ হারিয়েছেন স্বজন ও কাছের মানুষকে, কেউ আবার আহত হয়েছেন। এর মাঝেও আল–আকসা মসজিদে পশ্চিম তীরের মুসল্লিরা আদায় করেন ঈদুল আজহার নামাজ।
মধ্যপ্রাচ্যে ছাড়াও ইউরোপের দেশগুলোতেও আজ অনুষ্ঠিত হচ্ছে ঈদুল আজহা।
সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত স্পেনের বিভিন্ন শহরের মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দেশটির বার্সেলোনা ও মাদ্রিদে সবচেয়ে বেশি বাংলাদেশি ঈদের জামাতে অংশগ্রহণ করেন।
ইতালিতেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা। রাজধানী রোমে প্রায় শতাধিক মসজিদ ও খোলা মাঠে এই জামাত অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও যুক্তরাজ্য মিশর, মরক্কো, তিউনিসিয়া ও অস্ট্রেলিয়াতেও ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।